মালয়েশিয়ায় ৩৭৭ বাংলাদেশিসহ আটক ৭৭০

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৫:৪০ অপরাহন, সেপ্টেম্বর ৩, ২০২৫

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে একটি জুয়ার আসরে অভিযান চালিয়ে ৩৭৭ জন বাংলাদেশিসহ মোট ৭৭০ জন বিদেশিকে আটক করেছে দেশটির অভিবাসন দপ্তর। সংগৃহীত ছবি

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে একটি জুয়ার আসরে অভিযান চালিয়ে ৩৭৭ জন বাংলাদেশিসহ মোট ৭৭০ জন বিদেশিকে আটক করেছে দেশটির অভিবাসন দপ্তর। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে বুকিত বিনতাং এলাকায় এ অভিযান চালানো হয়। খবর বারনামা।

স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত পরিচালিত অভিযানে অনেকে আতঙ্কে ভবনের ছাদ, টেবিলের নিচে কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে লুকানোর চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত সবাইকে আটক করা হয়।

অভিবাসন বিভাগের এনফোর্সমেন্ট ডিভিশনের পরিচালক বসরি ওসমান জানান, অভিযোগের ভিত্তিতে তিন সপ্তাহের তদন্ত শেষে এ অভিযান পরিচালিত হয়। এ সময় কর্মকর্তারা একটি অনলাইন জুয়ার আসরের সন্ধান পান এবং সাতজনকে হাতেনাতে আটক করেন।

অভিযানে ১০৬ জন কর্মকর্তা ২ হাজার ৪৪৫ জনের নথিপত্র যাচাই করেন। এর মধ্যে বৈধ কাগজপত্র না থাকা, অবৈধভাবে বসবাস ও ভুয়া পাসপোর্ট রাখার অভিযোগে ৭৭০ জনকে আটক করা হয়।

আটকদের মধ্যে ৩৭৭ জন বাংলাদেশি, ২৩৫ জন মিয়ানমারের, ৭২ জন নেপালের, ৫৮ জন ভারতের, ১৯ জন ইন্দোনেশিয়ার এবং আরও ৮ জন বিভিন্ন দেশের নাগরিক। তাদের বয়স ২১ থেকে ৬৫ বছরের মধ্যে। প্রাথমিকভাবে আটককৃতদের পুত্রজায়া অভিবাসন দপ্তরে নেওয়া হয়। পরে তদন্তের জন্য বুকিত জলিল ও লেংগেং ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়।

Nagad