আজ আমরা দ্বিধাবিভক্ত, এটা রাসুলের শিক্ষা নয় : রিজভী

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৩:৩৭ অপরাহন, সেপ্টেম্বর ৬, ২০২৫

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সংগৃহীত ছবি

আজ আমরা যেভাবে দ্বিধাবিভক্ত হচ্ছি, এটা রাসুলের শিক্ষা নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, আজ আমরা নিজেদের মধ্যে বিভক্ত। কেউ মাজার ভাঙছে, কেউ লাশ পুড়িয়ে দিচ্ছে। অথচ এটি রাসুলের শিক্ষা নয়। তিনি ছিলেন ঐক্যের প্রতীক।

তিনি আরও বলেন, আমরা গণতন্ত্রের চেতনা, রাষ্ট্রীয় চেতনার কথা বলি, অথচ মহানবী (সা.)-ই ছিলেন ঐক্যের সর্বোচ্চ উদাহরণ। তিনি আল্লাহর বাণী প্রচারের পাশাপাশি চারিত্রিক বৈশিষ্ট্যের মাধ্যমে পুরো বিশ্বের সামনে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। যদি আমরা সামান্যতম অনুকরণ করতাম তবে এই দেশে অন্যায়-অনাচার, হানাহানি, রক্তারক্তি বন্ধ হয়ে যেত।

মিলাদ মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ ও কেন্দ্রীয় নেতা মীর শরাফত আলী শফু। মোনাজাত পরিচালনা করেন ওলামা দলের আহ্বায়ক মাওলানা সেলিম রেজা।

Nagad