নির্বাচনে ফ্যাসিবাদীরা থাকছে না বলে অনেকের মাথানষ্ট হয়ে গেছে : উপদেষ্টা আসিফ মাহমুদ
ফেব্রুয়ারির নির্বাচনে ফ্যাসিবাদীদের অংশগ্রহণের সুযোগ না থাকায় অনেকের মাথা নষ্ট হয়ে গেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শনিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ডিসেম্বরে নির্বাচন চেয়েছিল বা নানা সময়ে নির্বাচনের দাবি তুলেছিল অনেকে। কিন্তু এখন তারা নিজেরাই নির্বাচন চাচ্ছে না কিংবা নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে। কারণ, তাদের মূল লক্ষ্য ছিল আওয়ামী লীগকে ফিরিয়ে এনে তথাকথিত ইনক্লুসিভ ইলেকশন করা। কিন্তু ফেব্রুয়ারির নির্বাচনে ফ্যাসিবাদীদের অংশগ্রহণের সুযোগ না থাকায় তাদের মাথা নষ্ট হয়ে গেছে।
এর আগে তিনি পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) নবনিযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন।
উপদেষ্টা আরও বলেন, এই সরকারের তিনটি গুরুত্বপূর্ণ এজেন্ডা হলো সংস্কার, বিচার এবং গণতান্ত্রিক রূপান্তর। জুলাই সনদের কার্যক্রম প্রায় শেষের দিকে। আমরা বিশ্বাস করি, ঐকমত্যের মাধ্যমে বাস্তবায়ন সম্ভব হবে এবং নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন আয়োজন করা যাবে।
তিনি জোর দিয়ে বলেন, অনেকেই নির্বাচন বানচালের চেষ্টা করবে। তবে গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী সব রাজনৈতিক দল, সিভিল সোসাইটি ও জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবার একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজন করা সম্ভব হবে।

