অবৈধ অস্ত্রের খবরদাতাকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অবৈধ অস্ত্র সম্পর্কে তথ্য দিলে খবরদাতাকে পুরস্কৃত করা হবে এবং তার পরিচয় গোপন রাখা হবে।
তিনি বলেন, যেসব অবৈধ অস্ত্র রয়েছে, আমরা ঘোষণা দিয়েছি—আপনারা আমাদের খবর দিন, আমরা ব্যবস্থা নেব। আর যিনি খবর দেবেন, তাকে পুরস্কৃত করা হবে। পুলিশকে শক্তিশালী করতে কোস্টগার্ডের টহলও বাড়ানো হবে।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া পুলিশ ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
উপদেষ্টা বলেন, মুন্সীগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি অনুযায়ী এখানে একটি পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। অস্থায়ী হলেও এটি স্থায়ী করার প্রক্রিয়া চলছে। এ ফাঁড়ি চালুর পর অবৈধ বালু উত্তোলন ও নৌ-ডাকাতি কমেছে, অনেক পরিবার গ্রামে ফিরতে শুরু করেছে।
তিনি আরও বলেন, আলোচিত নয়ন ও পিয়াশ দেশে ফিরলে কেরানীগঞ্জ জেল ছাড়া তাদের আর কোনো জায়গা হবে না। এ ছাড়া আলুর দাম নিয়ে প্রশ্নের জবাবে তিনি জানান, কোল্ডস্টোরেজ গেটে আলুর দাম কেজিপ্রতি ২২ টাকা নির্ধারণ করা হয়েছে এবং আগামী ১৫ দিনের মধ্যে দাম আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
মুন্সীগঞ্জ জেলার দুই বছরের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, বিগত বছরটি আগের বছরের তুলনায় খুন এবং ডাকাতির সংখ্যা কমেছে। দুর্গম এবং সংঘাতপ্রবণ এলাকায় পুলিশ ফাঁড়ি বা ক্যাম্প স্থাপন করলে এর হার আরও কমানো সম্ভব বলেও মত দেন উপদেষ্টা।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের পর স্থানীয় নৌডাকাত ও অবৈধ বালু উত্তোলনকারী চক্রের বাধার কারণেই এটি দ্রুত স্থায়ী ফাঁড়িতে রূপান্তরের প্রস্তাব পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত ২২ আগস্ট গুয়াগাছিয়া অস্থায়ী পুলিশ ক্যাম্প চালু করা হয়। এরপর এটি ঘিরে মানববন্ধন, এলাকায় ও ঢাকায় সংবাদ সম্মেলন এবং ক্যাম্পের টহল পুলিশের ওপর গুলিবর্ষণের ঘটনায় গুয়াগাছিয়া আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে।
এ সময় ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

