মূলধন ১০ শতাংশের নিচে নামলে বোনাস বন্ধ: গভর্নর আহসান এইচ মনসুর
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন, কোনো ব্যাংকের মূলধন ১০ শতাংশের নিচে নেমে গেলে এবং প্রভিশন লসে পড়লে সেই ব্যাংক ডিভিডেন্ড বা বোনাস দিতে পারবে না। কর্মকর্তারাও কোনো বোনাস পাবেন না।
শনিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর নন-রেসিডেন্ট বাংলাদেশি (এনআরবি) আয়োজিত ‘ব্র্যান্ডিং বাংলাদেশ: আসন্ন নির্বাচন, প্রবাসীদের অংশগ্রহণ, আগামীর অর্থনীতি’ শীর্ষক আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
গভর্নর জানান, রেমিট্যান্স প্রবাহ ২১ শতাংশ বেড়েছে, রপ্তানিও বেড়েছে—ফলে ব্যালেন্স অব পেমেন্টে উদ্বৃত্ত দেখা দিয়েছে। আগে কমিশন বাণিজ্য ও হুন্ডির মাধ্যমে প্রবাসী আয়ের ৩০ শতাংশ লিকেজ হতো, এখন তা কমেছে। এতে অর্থ পাচার কমে ব্যয় নিয়ন্ত্রণে এসেছে এবং রিজার্ভ বেড়েছে।
খেলাপি ঋণ প্রসঙ্গে তিনি বলেন, তিন মাসের ঋণ অনাদায়ী থাকলেই তা ননপারফর্মিং লোন হিসেবে গণনা হবে। জুন মাসের খেলাপি ঋণের প্রতিবেদনে ৩০ শতাংশ পর্যন্ত আশঙ্কা করা হচ্ছে।
ডলার বাজার নিয়ে গভর্নর বলেন, গত এক মাসে কেন্দ্রীয় ব্যাংক এক বিলিয়ন ডলার কিনলেও দাম বাড়েনি। ডলার সংকট নেই, তবে টাকার সংকট আছে। আগস্টে চালের দাম বৃদ্ধির কারণে মুদ্রাস্ফীতি বেড়েছে, তবে সেটিকে ৫ শতাংশে নামিয়ে আনতে হবে।
তিনি আরও জানান, আগামী রবিবার (৭ সেপ্টেম্বর) থেকে সরকারের সঙ্গে ৫টি ব্যাংক একীভূত করার বিষয়ে আলোচনা শুরু হবে। এক থেকে দুই বছরের মধ্যে এসব ব্যাংক ভালো করবে এবং একীভূতকরণ কর্মকর্তা ও আমানতকারীদের জন্য সুফল বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

