ডাকসু নির্বাচনের প্রচারণা শেষ আজ, ভোট মঙ্গলবার

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:৫৫ অপরাহন, সেপ্টেম্বর ৭, ২০২৫

ঢাকসু নির্বাচন। সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রচারণার শেষ দিন আজ রোববার (৭ সেপ্টেম্বর)। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, রাত ১০টা পর্যন্ত প্রার্থীরা তাদের চূড়ান্ত প্রচারণা চালাতে পারবেন।

দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনের মধ্য দিয়ে ক্যাম্পাসে ছাত্ররাজনীতির নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ভোটারদের সুবিধার কথা মাথায় রেখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বুথের সংখ্যা আরও বাড়িয়েছে। শুরুতে ৮টি কেন্দ্রে ৭১০টি বুথ নির্ধারণ করা হলেও, শনিবার রাতে তা বাড়িয়ে মোট ৮১০টি করা হয়েছে। ফলে শিক্ষার্থীরা দ্রুত ও নির্বিঘ্নে ভোট দিতে পারবেন।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। আগামী মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।

এছাড়া নির্বাচন উপলক্ষে সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সব প্রবেশপথ সাধারণের জন্য বন্ধ থাকবে। এ সময় শুধুমাত্র বৈধ আইডি কার্ডধারী শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা প্রবেশ করতে পারবেন।

এদিকে, নির্বাচন ঘিরে যেকোনো ধরনের অপপ্রচার ঠেকাতে কর্তৃপক্ষ ইতোমধ্যে বেশ কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যম পেজের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। সঠিক তথ্য জানার জন্য শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ ও অন্যান্য ওয়েবসাইট অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

Nagad