বদরুদ্দীন উমরের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ২:১০ অপরাহন, সেপ্টেম্বর ৭, ২০২৫

মুক্তিকামী মানুষের আন্দোলন-সংগ্রামের অন্যতম অগ্রনায়ক, প্রগতিশীল চিন্তাবিদ, সমাজবিজ্ঞানী ও লেখক বদরুদ্দীন মোহাম্মদ উমরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

রোববার (৭ সেপ্টেম্বর) এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে পেশাজীবন শুরু করে পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করা বদরুদ্দীন উমর মুক্তবুদ্ধি ও প্রগতির সংগ্রামের এক উজ্জ্বল বাতিঘর ছিলেন। ভাষা আন্দোলনে তার সক্রিয় ভূমিকা, গবেষণা, ঔপনিবেশিক মানসিকতার বিরুদ্ধে প্রতিবাদ এবং সমাজতান্ত্রিক দর্শনের প্রতি নিষ্ঠা বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক ইতিহাসকে সমৃদ্ধ করেছে।

তিনি আরও বলেন, জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমর শুধু একজন তাত্ত্বিক নন, ছিলেন আজীবন সংগ্রামী, যিনি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থেকেছেন। জুলাই আন্দোলনকে তিনি উপমহাদেশের অভূতপূর্ব গণঅভ্যুত্থান হিসেবে স্বীকৃতি দিয়েছেন।

প্রধান উপদেষ্টা তার মৃত্যুতে গভীর শোক জানিয়ে বলেন, ভবিষ্যৎ প্রজন্মের চিন্তাশীল মানুষদের জন্য তার লেখনী ও জীবনদর্শন পথনির্দেশ হিসেবে কাজ করবে। একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জানান।

প্রসঙ্গত, বার্ধক্যজনিত নানা জটিলতায় আক্রান্ত বদরুদ্দীন উমর (৯৪) রোববার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

Nagad