পদত্যাগ করছেন জাপানের প্রধানমন্ত্রী ইশিবা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৫:১৪ অপরাহন, সেপ্টেম্বর ৭, ২০২৫

জাপানের প্রধানমন্ত্রী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি শিগেরু ইশিবা। ছবি এএফপি

জাপানের প্রধানমন্ত্রী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি শিগেরু ইশিবা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। গত জুলাইয়ের নির্বাচনে ক্ষমতাসীন জোটের ঐতিহাসিক পরাজয়ের কয়েক সপ্তাহ পরই এ সিদ্ধান্ত এল। খবর আলজাজিরার।

নির্বাচনে পরাজয়ের পর থেকেই দলের ভেতরে ইশিবার পদত্যাগের দাবি জোরালো হয়। যদিও শুরুতে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত শুল্ক চুক্তির বাস্তবায়ন নিশ্চিত না হওয়া পর্যন্ত দায়িত্বে থাকার কথা বলেছিলেন। তবে রবিবার (৭ সেপ্টেম্বর) তিনি পদত্যাগের সিদ্ধান্ত সামনে আনেন।

৬৮ বছর বয়সী এই রাজনীতিবিদ গত বছর দায়িত্ব নিলেও এর মধ্যেই পার্লামেন্টের উভয় কক্ষে জোটের সংখ্যাগরিষ্ঠতা হারান। অক্টোবরের নির্বাচনে নিম্নকক্ষেও তারা পরাজিত হয়। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে ভোটারদের অসন্তোষই এ বিপর্যয়ের মূল কারণ হিসেবে দেখা হচ্ছে।

দলের ভেতরে সমর্থন কমতে থাকায় ইশিবার ওপর চাপ বাড়তে থাকে। গণমাধ্যমের খবরে বলা হয়, কৃষিমন্ত্রী এবং একজন সাবেক প্রধানমন্ত্রী শনিবার তার সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগে রাজি করান।

এলডিপির নেতৃত্ব নির্বাচনকে ঘিরে সোমবার দলের ভেতরে ভোট হওয়ার কথা রয়েছে। এর আগেই ইশিবার পদত্যাগকে গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখা হচ্ছে। তার সম্ভাব্য উত্তরসূরিদের মধ্যে রয়েছেন রক্ষণশীল সানাই তাকাইচি ও বর্তমান কৃষিমন্ত্রী শিনজিরো কোইজুমি।

মেইজি ইয়াসুদা রিসার্চ ইনস্টিটিউটের অর্থনীতিবিদ কাজুতাকা মায়েদা বলেছেন, “এলডিপির ধারাবাহিক নির্বাচনি ব্যর্থতার পর ইশিবার পদত্যাগ অনিবার্য ছিল।”

Nagad

এই ঘটনাটি ঘটল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাপানি গাড়ি আমদানির শুল্ক কমিয়ে ২৭ দশমিক ৫ শতাংশ থেকে ১৫ শতাংশে নামিয়ে আনার কয়েক দিন পরই।