প্রাথমিকে ছুটি কমিয়ে আনা হচ্ছে: উপদেষ্টা
প্রাথমিক বিদ্যালয়ে সাপ্তাহিক ছুটি দুদিন বহাল রেখেই শিক্ষাপঞ্জির অন্যান্য ছুটি কমিয়ে আনার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
রোববার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
ডা. বিধান রঞ্জন বলেন, ৩৬৫ দিনের মধ্যে স্কুল খোলা থাকে মাত্র ১৮০ দিন। ফলে প্রয়োজনীয় পড়াশোনার জন্য সময় সংকট তৈরি হয়। তাই অপ্রয়োজনীয় ছুটি কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, সাপ্তাহিক দুদিন ছুটি বহাল থাকবে। তবে শিক্ষাপঞ্জিতে থাকা অন্যান্য ছুটি কমানো হবে। শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
ছুটি কমানোর ক্ষেত্রে সাপ্তাহিক ছুটি দুদিন থেকে কমিয়ে একদিন করার চিন্তা আছে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন, আপাতত লক্ষ্যমাত্রা হচ্ছে ক্যালেন্ডারে ছুটি কিছুটা কমানো। আমরা যদি সাপ্তাহিক ছুটি দুদিনকে একদিন করতে চাই, সেটা সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান যেহেতু একই রকম তাই প্রাথমিক বিদ্যালয়ে আলাদাভাবে করা কঠিন। শিক্ষকদের পক্ষ থেকে এক ধরনের দাবি আছে, শিক্ষকরা হচ্ছেন ভ্যাকেশন ডিপার্টমেন্টে, নন-ভ্যাকেশন হতে চাইলে এটা সঙ্গে সরকারের আর্থিক সংশ্লেষের প্রসঙ্গ আছে। ফলে এ ধরনের একটা চিন্তা আছে, তবে এ বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারিনি। তবে আমাদের ক্যালেন্ডারে যে ছুটি আছে সেক্ষেত্রে আমাকে কিছুটা কমিয়ে আনব।
কোন কোন দিন ছুটি কমাবেন সেটা ঠিক হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এটা চূড়ান্ত হলে আপনাদের জানিয়ে দেব।

