ক্যালেন্ডার মেনে প্রতি বছর বিসিএস পরীক্ষা আয়োজন করতে হবে: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সরকারি কর্ম কমিশন (পিএসসি) কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ক্যালেন্ডার অনুযায়ী প্রতিবার নির্দিষ্ট সময়ে বিসিএস পরীক্ষা ও নিয়োগ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন।
বৈঠকটি আজ রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হয়।
প্রধান উপদেষ্টা বলেন, “বিসিএস পরীক্ষা হলো ‘এন্ট্রি পয়েন্ট’। যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হবে, তারাই সরকার চালাবে। কাজেই এন্ট্রি পয়েন্টে কোনো ধরনের অনিয়ম থাকলে পুরো সিস্টেমে প্রভাব পড়বে। সমস্যা ও সংকট সমাধান করে প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করতে হবে। এটি ভবিষ্যতে সরকারের জন্যও গুরুত্বপূর্ণ।
বৈঠকে পিএসসির আর্থিক ও প্রশাসনিক স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার বিষয়েও আলোচনা হয়েছে। পিএসসি চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম জানান, কমিশন ইতোমধ্যেই পাঁচ বছরের রোডম্যাপ তৈরি করেছে এবং প্রতিবছর নভেম্বর থেকে পরবর্তী বছরের অক্টোবরের মধ্যে পরীক্ষা ও নিয়োগ সম্পন্ন করা হবে।
বৈঠকে কমিশনের কর্মকর্তারা বলেন, গত ১৫ বছর রাজনৈতিক হস্তক্ষেপের কারণে বিসিএস পরীক্ষায় নানান ধরনের অনিয়ম, স্বজনপ্রীতি, প্রশ্ন ফাঁসের মতো ঘটনা ঘটেছে। পিএসসিতে যেন আর কখনো অনিয়ম ফিরে না আসে, এটি যেন সকলের আস্থার জায়গা হয় সেটি নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কারকাজ সম্পন্ন করা হয়েছে। প্রশ্নপত্রের মান এমনভাবে উন্নীত করা হচ্ছে যাতে এই পরীক্ষার প্রস্তুতি দিয়ে বৈশ্বিক প্রতিযোগিতাতেও চাকরিপ্রত্যাশীরা প্রতিযোগিতা করতে পারেন।
বৈঠকে উপস্থিত ছিলেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম, জনপ্রশাসন মন্ত্রণালয়ে সিনিয়র সচিব ড. মো: মোখলেস উর রহমান, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজউদ্দিন মিয়া এবং পিএসসি সদস্য মো. সুজায়েত উল্যা, মো. জহিরুল ইসলাম ভূঁইয়া, অধ্যাপক ড. এম সোহেল রহমান, অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌস, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. মোঃ আনোয়ারুল ইসলাম, অধ্যাপক ড. শাহনাজ সরকার ও বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের সচিব ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়া।

