দেশের নিরাপত্তার স্বার্থে ন্যূনতম ছাড় দেওয়া হবে না: প্রেস সচিব
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দেশের সার্বিক নিরাপত্তার স্বার্থে কোনো কাউকে ন্যূনতম ছাড় দেওয়া হবে না। তিনি জানান, পতিত ফ্যাসিবাদী শক্তি তখনই বেপরোয়া হয়ে উঠছে যখন দেশ নির্বাচনের দিকে এগোচ্ছে এবং জুলাই হত্যাযজ্ঞে জড়িতদের বিচার প্রক্রিয়া দ্রুত এগোচ্ছে।
আজ রোববার (৭ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, পতিত ফ্যাসিস্ট দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার জন্য মাঠে নেমেছে। এটি এখন আইন-শৃঙ্খলা পরিস্থিতি নয়, জাতীয় নিরাপত্তার ইস্যু। তিনি আরও যোগ করেন, দেশের স্বার্থে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য থাকা প্রয়োজন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আরও বলেছেন, যে করেই হোক, ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যে নির্বাচন হবেই। পৃথিবীর কোনো শক্তি নাই এ নির্বাচনকে ঠেকাতে পারে।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আজ উপদেষ্টা পরিষদের এক সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। সভায় স্বরাষ্ট্র, পরিকল্পনা, বিদ্যুৎ, আইন, নৌপরিবহন, অর্থ, শিল্প, স্থানীয় সরকার ও নিরাপত্তা উপদেষ্টাসহ ১০ জন উপদেষ্টা উপস্থিত ছিলেন। প্রেস সচিব জানান, সভায় ঝটিকা মিছিলসহ বেআইনি সমাবেশের বিষয়ে আরও কঠোর হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শফিকুল আলম বলেন, নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে এবং পৃথিবীর কোনো শক্তি এটি পিছিয়ে দিতে পারবে না।
এছাড়া, রাজবাড়ীর ঘটনার তদন্তে এ পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে অন্তত দুজন স্থানীয় আওয়ামী লীগের সঙ্গে জড়িত। ভিডিও ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে এবং পুলিশের পক্ষ থেকে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর।

