নেপালে থাকা সব বাংলাদেশিদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
নেপালে অবস্থানরত সব বাংলাদেশি নাগরিকদের জন্য জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে কাঠমণ্ডুস্থ বাংলাদেশ দূতাবাস।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দূতাবাসের সরকারি ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বাংলাদেশিদের বাইরে না যাওয়ার এবং নিজ নিজ স্থান বা হোটেলে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি বর্তমান পরিস্থিতির কারণে নতুন করে কাউকে নেপাল ভ্রমণে না যাওয়ারও আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জরুরি পরিস্থিতিতে বাংলাদেশি নাগরিকরা +৯৭৭ ৯৮০৩৮৭২৭৫৯ ও +৯৭৭ ৯৮৫১১২৮৩৮১ নম্বরে যোগাযোগ করতে পারবেন।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের প্রতিবাদে নেপালে চলমান জেনারেশন জি আন্দোলন সহিংস আকার ধারণ করেছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার বাসভবনে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষোভকারীরা। এছাড়া কাঠমান্ডুসহ বিভিন্ন এলাকায় জারি থাকা কারফিউ অমান্য করে দ্বিতীয় দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছে তারা।
চলমান আন্দোলনে পুলিশের গুলিতে এখন পর্যন্ত অন্তত ১৯ জন নিহত ও শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।

