ডাকসু: বিকেল ৩টা পর্যন্ত ভোট পড়েছে ৭০ শতাংশের বেশি, ঢাবি উপাচার্য
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৩টা পর্যন্ত ৭০ শতাংশের বেশি ভোট পড়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। এদিন বিকেল ৩টার দিকে সিনেট ভবনের তিনটি কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
উপাচার্য বলেন, ইতোমধ্যে বিভিন্ন কেন্দ্রে ৭০ শতাংশের বেশি ভোট সংগ্রহ হয়েছে। বিকেল ৪টার পরও যেসব শিক্ষার্থী লাইনে থাকবেন, তাদের ভোট গ্রহণ করা হবে।
কার্জন হলে ভোট গ্রহণে ভুলের প্রসঙ্গে তিনি বলেন, ভুলক্রমে একজন ভোটারকে দুটি ব্যালট দেওয়া হয়েছিল। সঙ্গে সঙ্গে ওই পোলিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে। আমরা ঘটনার তদন্ত করব, কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া টিএসসির কেন্দ্রে ‘ক্রস চিহ্ন’ দেওয়া ব্যালট এক ভোটারকে দেওয়ার অভিযোগের ব্যাপারেও তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান উপাচার্য।
ভোট-পরবর্তী পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, আমরা আশা করছি, যিনি বিজয়ী হবেন এবং যিনি পরাজিত হবেন, সবাই ফলাফল মেনে নেবেন। কোথাও কোনো স্বচ্ছতার ঘাটতি নেই।
আজ সকাল ৮টা থেকে শুরু হওয়া ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। এবার মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৭৫ জন। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন। ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। মোট ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে একযোগে ভোট অনুষ্ঠিত হয়েছে।

