হদিস মিলছে না নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৩:১৯ অপরাহন, সেপ্টেম্বর ১০, ২০২৫

নেপালজুড়ে টানা বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) তার সচিব গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ব্যাপক বিক্ষোভ ও সহিংসতার পর পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। তবে ক্ষমতা ছাড়ার পর তিনি কোথায় গেছেন, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। তিনি দেশে আছেন নাকি বিদেশে গেছেন—তা নিয়েও অনিশ্চয়তা বিরাজ করছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীরা চারবারের প্রধানমন্ত্রী ও কমিউনিস্ট পার্টির নেতা ৭৩ বছর বয়সী ওলির বাসভবনে হামলা ও অগ্নিসংযোগ চালায়। এরপর তিনি পদত্যাগ করেন, যাতে রাজনৈতিক সমাধানের পথ তৈরি হয়। তবে তার বর্তমান অবস্থান অজানা রয়ে গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা ও দুর্নীতির বিরুদ্ধে শুরু হওয়া বিক্ষোভ দুই দশকের মধ্যে সবচেয়ে সহিংস আকার ধারণ করেছে। সরকারি দমন-ড়নে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। ক্ষুব্ধ বিক্ষোভকারীরা সংসদ ভবন, সরকারি স্থাপনা, রাজনীতিবিদদের বাড়ি, সুপারমার্কেটসহ বহু জায়গায় আগুন ধরিয়ে দেন।

রাজধানী কাঠমান্ডুতে এখনো ধোঁয়ার কুণ্ডলি উঠছে। রাস্তায় পুড়ে যাওয়া গাড়ি ও টায়ারের অবশিষ্টাংশ ছড়িয়ে রয়েছে।

দেশের নিরাপত্তা নিয়ন্ত্রণে নিয়েছে সেনাবাহিনী। সেনারা সতর্ক করে জানিয়েছে, অস্থিতিশীলতা সৃষ্টিকারী কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে। হিমালয়কেন্দ্রিক ৩ কোটিরও বেশি মানুষের এ দেশটিতে হঠাৎ সহিংসতা বহু মানুষকে হতবাক করেছে।

একজন সেনাসদস্য বলেছেন, আজ শহর অনেকটাই শান্ত, সব জায়গায় সেনা মোতায়েন রয়েছে। তবে গণমাধ্যমে কথা বলার অনুমতি না থাকায় তার নাম প্রকাশ করা হয়নি। সূত্র: এএফপি

Nagad