মোহাম্মদপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে আরও দুইজন নিহত

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৭:০৪ অপরাহন, সেপ্টেম্বর ১০, ২০২৫

রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে আরও দুইজন নিহত হয়েছেন। দুই দিনের ব্যবধানে এ নিয়ে তিনজন ছিনতাইকারী নিহত হলো।

বুধবার (১০ সেপ্টেম্বর) ভোরে নবীনগর সাঁকোর পাড়ে স্থানীয়দের হাতে ধরা পড়ে চারজন ছিনতাইকারী। এর মধ্যে হানিফ ও সবুজ নামে দুজনকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। শরীফ ও জুয়েল নামে আরও দুজন চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানিয়েছে, নিহতরা সক্রিয় ছিনতাইকারী। তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একাধিক মামলা রয়েছে। আহত দুজনও একই চক্রের সক্রিয় সদস্য।

স্থানীয়রা জানান, মঙ্গলবার মধ্যরাতে নবীনগর ও বসিলা এলাকার খালের সাঁকোর কাছে ধারালো অস্ত্র নিয়ে কয়েকজন ছিনতাই করে। ভোরে তারা আবারও ছিনতাই করতে এলে স্থানীয়রা ধাওয়া দিয়ে চারজনকে আটক করে গণপিটুনি দেন। খবর পেয়ে পুলিশ এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়।

এ ঘটনায় স্থানীয়দের অভিযোগ, ছিনতাইকারীদের এমন কার্যক্রম দীর্ঘদিন ধরেই চললেও পুলিশ প্রশাসন কার্যকর ব্যবস্থা নেয় না। গ্রেপ্তার হলেও তারা অল্পদিনের মধ্যেই জামিনে বেরিয়ে এসে আবারও একই অপরাধে জড়িয়ে পড়ে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়। দুজন নিহত হয়েছে, বাকি দুজন চিকিৎসাধীন আছে। নিহত-আহতদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

Nagad

এর আগে গত সোমবার (৮ সেপ্টেম্বর) মোহাম্মদপুর চন্দ্রিমা মডেল টাউন এলাকায় গণপিটুনিতে আরও এক ছিনতাইকারী নিহত হন।