সাংবাদিক নির্যাতন মামলায় সাবেক ডিসি সুলতানা পারভীন সাময়িক বরখাস্ত

কুড়িগ্রাম সংবাদাতা:কুড়িগ্রাম সংবাদাতা:
প্রকাশিত: ১২:১৯ অপরাহন, সেপ্টেম্বর ১১, ২০২৫

সাংবাদিক নির্যাতন মামলায় সাবেক ডিসি সুলতানা পারভীন সাময়িক বরখাস্ত

কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে তুলে নিয়ে নির্যাতন ও হত্যাচেষ্টার মামলায় কারাগারে থাকা সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, গত ২ সেপ্টেম্বর কুড়িগ্রামের সিনিয়র দায়রা জজ আদালত সুলতানা পারভীনের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণ করে। তাই সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯ (২) ধারা অনুযায়ী তাকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। এ সময় তিনি বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন। আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে হাইকোর্ট সুলতানা পারভীনের আগাম জামিন আবেদন নামঞ্জুর করে জেলা জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। পরবর্তীতে জেলা জজ আদালতে জামিন নামঞ্জুর হলে তিনি কারাগারে পাঠানো হন। পরে হাইকোর্ট থেকে ছয় মাসের জামিন পেলেও বুধবার (১০ সেপ্টেম্বর) পর্যন্ত তিনি কুড়িগ্রাম কারাগারেই বন্দি ছিলেন।

২০২০ সালের ১৩ মার্চ গভীর রাতে কুড়িগ্রাম শহরে নিজের বাড়ি থেকে সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে তুলে নিয়ে যায় জেলা প্রশাসনের একটি দল। তাকে নির্যাতন করা হয় এবং মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। ঘটনাটি প্রকাশ্যে এলে সারাদেশে ব্যাপক সমালোচনা হয়। পরে আরিফ জামিনে মুক্ত হয়ে সাবেক ডিসি সুলতানা পারভীনসহ একাধিক কর্মকর্তাকে আসামি করে মামলা করেন।

ঘটনার দীর্ঘ তদন্ত শেষে পিবিআই চার্জশিট দাখিল করে, যেখানে সাবেক ডিসি সুলতানা পারভীনসহ চারজনকে অভিযুক্ত করা হয়।

Nagad