ভারতবিরোধিতার কারণে পদত্যাগ করতে বাধ্য হয়েছি: কেপি শর্মা ওলি

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ২:৪১ অপরাহন, সেপ্টেম্বর ১১, ২০২৫

নেপালজুড়ে টানা বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) তার সচিব গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি প্রথমবার প্রকাশ্যে জানিয়েছেন, ভারতবিরোধী অবস্থানের কারণে তার প্রধানমন্ত্রী পদ হারানো অনিবার্য হয়েছিল। ৯ সেপ্টেম্বর দেশজুড়ে জেন-জি আন্দোলনের চাপের মুখে তিনি পদত্যাগ করেন।

ওলি বলেন, দেশের বিভিন্ন স্থানে চলা সহিংসতা, সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা এবং ভারতের নীতির বিরোধিতার কারণে তাকে পদত্যাগ করতে হয়। তিনি দাবি করেছেন, অযোধ্যায় ভগবান রামের জন্ম নেপালে হয়েছে, ভারতে নয়। এই দাবির জন্যই তাকে পদত্যাগ করতে হয়েছে।

নিজ দলের মহাসচিবকে পাঠানো এক চিঠিতে ওলি বলেন, ‘স্বভাবতই আমি একটু একগুঁয়ে। সেই একগুঁয়েমি না থাকলে হয়তো এত চ্যালেঞ্জের ভিড়ে অনেক আগেই সব ছেড়ে দিতাম। কিন্তু জেদ থেকেই আমি দাবি করেছি, নেপালে কার্যরত সামাজিক যোগাযোগমাধ্যমগুলোকে আমাদের আইন মানতে হবে এবং স্থানীয়ভাবে নিবন্ধন করতে হবে। আমি দৃঢ়ভাবে বলেছি যে লেপুলেখ, কালাপানি ও লিম্পিয়াধুরা নেপালের অংশ। যদি এসব অবস্থান থেকে সরে যেতাম, তাহলে সহজ পথ বেছে নিতে পারতাম, অনেক সুবিধাও পেতাম। কিন্তু তার বদলে আমি আমার সবকিছু রাষ্ট্রের জন্য দিয়েছি। আমার কাছে পদ বা সম্মান কখনোই মুখ্য ছিল না।’

ওলি আরও জানান, নেপালের সার্বভৌমত্ব রক্ষার জন্য নেয়া তার অবস্থানের কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি নেপালে অবস্থান করছেন এবং সেনাবাহিনীর শিবপুরি ব্যারাকে নিরাপদে রয়েছেন। সূত্র: ইন্ডিয়া টুডে।