স্বাস্থ্য খাতে দুর্নীতির হোতা মিঠু গ্রেপ্তার
স্বাস্থ্য খাতে দুর্নীতির মূলহোতা হিসেবে পরিচিত মোতাজ্জেরুল ইসলাম মিঠুকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর গুলশান এলাকায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, দীর্ঘদিন আত্মগোপনে থাকা মিঠুকে গুলশানের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। মিঠুর বিরুদ্ধে স্বাস্থ্যখাতের বিভিন্ন প্রকল্পে অনিয়ম, টেন্ডার জালিয়াতি ও কোটি কোটি টাকা লোপাটের অভিযোগ রয়েছে।
মিঠুর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করেছে। মামলায় বলা হয়েছে, মিঠু ৭৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। এতে স্থাবর সম্পদ হিসেবে জমি, প্লট, ফ্ল্যাট ও বাড়ি নির্মাণে ১৮ কোটি ৪০ লাখ টাকার সম্পদ এবং অস্থাবর সম্পদ হিসেবে শেয়ার, গাড়ি, ব্যাংক হিসাব, স্বর্ণালংকার ও আসবাবপত্রে ৫৭ কোটি ৪৪ লাখ টাকার সম্পদ রয়েছে।
মিঠুর পারিবারিক ব্যয়ও ৭১ কোটি ৪৫ লাখ টাকা হিসেবে ধরা হয়েছে। সব মিলিয়ে তার মোট সম্পদ ও ব্যয় প্রায় ১৪৭ কোটি ৩০ লাখ টাকা। তবে বৈধ আয়ের হিসাব মিলিয়ে তার গ্রহণযোগ্য আয় ৭১ কোটি ৪৯ লাখ টাকা।
ডিবি ও দুদক এই মামলায় তদন্ত চালাচ্ছে।

