পুলিশের জন্য স্বাধীন তদন্ত সার্ভিস গঠনের সিদ্ধান্ত
পুলিশ বাহিনীর জন্য একটি স্বাধীন তদন্ত সার্ভিস গঠনের সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, রাজনৈতিক বা অন্য কোনো প্রভাব ছাড়াই তদন্ত কার্যক্রম সম্পন্ন করার জন্য এই স্বাধীন তদন্ত সার্ভিস গঠন করা হবে। পাশাপাশি পুলিশের ভেতরে অভ্যন্তরীণ অভিযোগ যাচাইয়ের জন্য একটি কমিশন গঠনের বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রেস সচিব আরও জানান, এসব সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নে আইন মন্ত্রণালয় কাজ করবে। এ প্রক্রিয়ায় উপদেষ্টা আসিফ নজরুল, আদিলুর রহমান খান ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখশ চৌধুরী যুক্ত থাকবেন।
বৈঠকে স্থানীয় সরকারকে আরও ক্ষমতায়ন, স্বাস্থ্য খাতের সংকট সমাধান এবং নেপালে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিয়েও আলোচনা হয়। প্রেস সচিব বলেন, ‘আজকের বৈঠকের প্রতিটি সিদ্ধান্ত বাংলাদেশের অর্থনীতি, শাসনব্যবস্থা ও আন্তর্জাতিক অঙ্গনে আমাদের অবস্থানকে আরও শক্তিশালী করবে।’
ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।

