পল্লী বিদ্যুতের কর্মীরা কাজে না ফিরলে বিকল্প ব্যবস্থা, ঘোষণা উপদেষ্টার
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, পল্লী বিদ্যুৎ সমিতির আন্দোলনরত কর্মীরা যদি দ্রুত কাজে না ফিরে আসেন, তবে সরকারের পক্ষ থেকে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত সভা শেষে তিনি বলেন, কিছু কর্মীর দাবির মধ্যে যৌক্তিক বিষয়ও আছে। তবে আন্দোলন ও গণছুটি কর্মসূচি চালিয়ে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত করা হলে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, ইতিমধ্যেই কিছু কর্মী কাজে ফিরে এসেছে।
উপদেষ্টা জানান, সরকার পল্লী বিদ্যুতের সমস্যা সমাধানে উদাসীন নয়। তারা চাইছেন আন্দোলনরত কর্মীরা শৃঙ্খলায় ফিরে এসে কাজে যোগ দিক। এছাড়া পল্লী বিদ্যুৎ সমিতির কাঠামো ও ভবিষ্যৎ বিষয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে, যার মধ্যে কোম্পানি গঠন ও বিধিমালা প্রণয়নের বিষয়ও অন্তর্ভুক্ত।
তিনি উল্লেখ করেন, পল্লী বিদ্যুতের সকল কর্মী বৃহত্তর বিদ্যুৎ পরিবারের অংশ এবং তাদের দ্রুত কাজে যোগ দেওয়া উচিত।