সংসদ নির্বাচনকে সামনে রেখে একযোগে ৬১ ইসি কর্মকর্তা বদলি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে নির্বাচন কমিশন (ইসি) একযোগে ৬১ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করেছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ইসির সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত তিনটি আলাদা অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
অফিস আদেশ অনুযায়ী, ইসি সচিবালয় ও মাঠ পর্যায়ের ৪৯ জন কর্মকর্তাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বদলি বা পদায়ন করা হয়েছে। এছাড়া, আরও দুটি আদেশে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও উপসচিব পদে ১২ জন বদলি করা হয়েছে।
বদলিকৃত কর্মকর্তাদের ১৮ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল ত্যাগ করতে হবে; না হলে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে ধরা হবে। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচনের আগে আরও কিছু কর্মকর্তার বদলি করা হতে পারে, বিশেষ করে যারা ২০২৪ সালের সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করেছিলেন।