জাকসু নির্বাচন চলাকালে দায়িত্ব পালনরত পোলিং অফিসারের মৃত্যু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালনের সময় অসুস্থ হয়ে জান্নাতুল ফেরদৌস নামে এক পোলিং অফিসারের মৃত্যু হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক ছিলেন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে দায়িত্ব পালনরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
চারুকলা বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক শামীম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমি প্রীতিলতা হলে রিটার্নিং কর্মকর্তা ও তিনি পোলিং অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন। সকালে ভোট গণনার সময় দরজার সামনে পড়ে যান। এরপর তাৎক্ষণিক হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান।
জান্নাতুল ফেরদৌসের বড় ভাই মোহাম্মদ আসিফ জানান, সকাল সাড়ে ৮টার দিকে নির্বাচন কমিশন ভবনের তৃতীয় তলায় ওঠার পর করিডোরে সবার সামনে সেন্সলেস হয়ে পড়েন। পরে তাকে এনাম মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এর আগে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে রাত সোয়া ১০টার দিকে ম্যানুয়ালি ভোট গণনা শুরু হয় এবং তা এলইডি স্ক্রিনে প্রদর্শন করা হচ্ছে।
উল্লেখ্য, এবারের নির্বাচনে ২১টি হলে মোট ১১ হাজার ৮৯৭ জন ভোটার ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন। এর মধ্যে ছাত্র ৬ হাজার ১১৫ জন এবং ছাত্রী ৫ হাজার ৭২৮ জন।

