মধ্যপ্রাচ্যের প্রবাসীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ তারেক রহমানের
মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে একের পর এক ইসরাইলি হামলার ঘটনায় সেখানে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল পৌনে পাঁচটায় দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি বলেন, বিশ্বজুড়ে বাংলাদেশিরা সবসময়ই সহিংস ঔপনিবেশিক দমন-পীড়ন ও অস্তিত্ব মুছে ফেলার বিরুদ্ধে আমাদের ফিলিস্তিনি ভাই-বোনদের সঙ্গে সংহতি প্রকাশ করেছে এবং গর্বের সাথে তা অব্যাহত রেখেছে।
তিনি উল্লেখ করেন, দখলকৃত পশ্চিম তীরে ইসরাইলের নতুন বসতি সম্প্রসারণ পরিকল্পনা ভবিষ্যতে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে কার্যত অসম্ভব করে তুলবে। নেতানিয়াহুর নেতৃত্বে ফিলিস্তিনিদের সংস্কৃতি, ভূমি ও ইতিহাসের ওপর চলমান আক্রমণকে তিনি কেবল গণহত্যা নয়, পরিকল্পিত জাতিগত নিধন বলে অভিহিত করেন।
তারেক রহমান বলেন, অনেক বাংলাদেশি মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে বসবাস ও কাজ করেন। বর্তমান ইসরাইলি সরকার পুরো অঞ্চলটিকে গভীর সংকটে ঠেলে দিচ্ছে দেখে আমি তাদের এবং তাদের পরিবারের নিরাপত্তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন।
তিনি আরও আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানান, যাতে তারা ইসরাইলের বসতি স্থাপন পরিকল্পনার নিন্দা জানায় এবং গাজায় গণহত্যার বিচার দ্রুত নিশ্চিত করতে আন্তর্জাতিক বিচার আদালতের প্রতি চাপ সৃষ্টি করে।


