দায়িত্ব নিয়েই নির্বাচনের তারিখ ঘোষণা করলেন নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:০৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২৫

নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সুশীলা কার্কি। দায়িত্ব নিয়েই আগামী বছরের ৫ মার্চ সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন তিনি। খবর বিবিসির।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাজধানী কাঠমান্ডুর প্রেসিডেন্ট ভবনে শপথ নেন তিনি। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির প্রেসিডেন্ট রাম চন্দ্র পৌডেল, ভাইস প্রেসিডেন্ট রাম সহায় যাদব, প্রধান বিচারপতি প্রকাশ মান সিং রাওয়াত ও সেনাপ্রধান অশোক রাজ সিগদেল।

অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়া সুশীলা কার্কিকে আগামী কয়েক দিনের মধ্যেই মন্ত্রিসভা গঠন করতে হবে। তিনি পরিচ্ছন্ন ভাবমূর্তির একজন ব্যক্তিত্ব হিসেবে নেপালি সমাজে ব্যাপকভাবে সমাদৃত। বিশেষ করে জেন-জি প্রজন্মের বিক্ষোভকারীদের দাবির প্রতি আস্থা রাখায় তাকে এই পদে নিয়োগ করা হয়।

কার্কির নেতৃত্বাধীন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ হিসেবে রয়েছে আইনশৃঙ্খলা পুনরুদ্ধার, সংসদ ও ক্ষতিগ্রস্ত গুরুত্বপূর্ণ ভবন পুনর্নির্মাণ, পরিবর্তন প্রত্যাশী বিক্ষোভকারীদের আশ্বস্ত করা এবং সাংবিধানিক শৃঙ্খলা ফিরিয়ে আনা।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা ও দুর্নীতির অভিযোগে ক্ষোভ থেকে নেপালে তিন দিনের টানা বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এই আন্দোলনের চাপেই প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির সরকার পদত্যাগে বাধ্য হয়। পরে প্রেসিডেন্ট রাম চন্দ্র পৌডেল জেন-জি আন্দোলনকারীদের দাবির প্রেক্ষিতে সুশীলা কার্কিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন।

Nagad