বাণিজ্য ঘাটতি কমলে শুল্ক কমানোর আশ্বাস যুক্তরাষ্ট্রের
রোববার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডেন লিঞ্চের নেতৃত্বে আসা প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। সংগৃহীত ছবি
বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমলে দেশটির পণ্যের ওপর আরোপিত পাল্টা শুল্ক কমানোর আশ্বাস দিয়েছে সফররত যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিদল।
রোববার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডেন লিঞ্চের নেতৃত্বে আসা প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
তিনি বলেন, আমাদের চলমান আলোচনার অংশ হিসেবে আজকের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আমরা বাণিজ্য ঘাটতি কমানোর পরিপ্রেক্ষিতে তাদের শুল্ক পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছি। তারা আশ্বাস দিয়েছেন, শুল্ক কমার সম্ভাবনা রয়েছে।
উপদেষ্টা আরও জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনো কোনো আনুষ্ঠানিক শুল্ক চুক্তি হয়নি। তবে আলোচনাগুলো মূলত সেই চুক্তিকে চূড়ান্ত করার উদ্দেশ্যে চলছে। এর অংশ হিসেবে পণ্যসম্ভারের অগ্রগতি ও প্রতিশ্রুতিগুলো পর্যালোচনা করা হয়েছে।
বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রায় ছয় বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি রয়েছে। ঘাটতি কমাতে বাংলাদেশ মার্কিন তুলা, গম ও সয়াবিন আমদানির প্রতিশ্রুতি দিয়েছিল। গত অর্থবছরে ৬০০ মিলিয়ন ডলার মূল্যের তুলা আমদানি হয়েছে, চলতি অর্থবছরের দুই মাসেই ২৭৬ মিলিয়ন ডলারের তুলা কেনা হয়েছে।
রাশিয়ার চেয়ে বেশি দামে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, আমেরিকান গমের প্রোটিন কনটেন্ট তুলনামূলকভাবে বেশি হওয়ায় এর দামও বেশি।
তিনি আরও জানান, বোয়িং থেকে বিমান কেনার পরিকল্পনাও দীর্ঘমেয়াদে বাণিজ্য ঘাটতি কমাতে সহায়ক হবে।
কবে শুল্কচুক্তি হবে সে বিষয়ে মার্কিন প্রতিনিধিরা দেশে ফিরে জানাবেন বলে জানিয়েছেন বাণিজ্য সচিব।

