‘সময়মতো ও বিশ্বাসযোগ্য নির্বাচন দিতে অঙ্গীকারাবদ্ধ অন্তর্বর্তী সরকার’
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, তার সরকার সময়মতো ও বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচন আয়োজন করতে অঙ্গীকারাবদ্ধ। তিনি জানান, আগামী বছরের ফেব্রুয়ারিতে, পবিত্র রমজানের পূর্বেই নির্বাচন অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে ভিডিও কলে আলাপকালে প্রধান উপদেষ্টা এ প্রতিশ্রুতি দেন।
ড. ইউনূস বলেন, নির্বাচনের পর আমি আমার পূর্ববর্তী কাজে ফিরে যাব।
আলোচনায় প্রধান উপদেষ্টা তার সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। এর মধ্যে ছিল ব্যাংকিং খাতে পুনর্গঠন প্রচেষ্টা, রাজস্ব আহরণ বৃদ্ধির উদ্যোগ, বৈদেশিক মুদ্রা বাজারের স্থিতিশীলতা এবং রিজার্ভ পুনরুদ্ধার পরিকল্পনা।
আইএমএফ প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধারে নেওয়া পদক্ষেপের প্রশংসা করে বলেন, আপনার অর্জন আমাকে মুগ্ধ করেছে। অল্প সময়ে আপনি অনেক কিছু করেছেন। যখন অবনতির ঝুঁকি অত্যন্ত বেশি ছিল, তখন আপনি দেশের দায়িত্ব নিয়েছেন। আপনি সঠিক সময়ে সঠিক ব্যক্তি।
অধ্যাপক ইউনূস আইএমএফের অবিচল সহায়তার জন্য কৃতজ্ঞতা জানিয়ে বলেন, চমৎকার সহায়তার জন্য ধন্যবাদ। তিনি উল্লেখ করেন, গত বছর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তাদের প্রথম সাক্ষাৎ বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধারের পথ সুগম করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।
এ সময় আঞ্চলিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। এর মধ্যে ছিল নেপালের যুব আন্দোলন এবং আসিয়ানভুক্তির জন্য বাংলাদেশের আকাঙ্ক্ষা। এছাড়া আঞ্চলিক কানেক্টিভিটি বাড়াতে ঢাকা থেকে নতুন বন্দর ও টার্মিনাল নির্মাণসহ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কথাও তুলে ধরেন প্রধান উপদেষ্টা।
ভিডিও কলে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ এবং অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদারও উপস্থিত ছিলেন।

