হাজার কোটি টাকার মালিকেরা এখন দৌড়ে বেড়াচ্ছেন: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৮:৩৯ অপরাহন, সেপ্টেম্বর ২০, ২০২৫

ফাইল ছবি

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘হাজার কোটি টাকার মালিকেরা এখন দৌড়ে বেড়াচ্ছেন।’ তিনি শিক্ষার্থীদের উদ্দেশে সততার চর্চা ও সঠিক শিক্ষা অর্জনের ওপর গুরুত্ব আরোপ করেন।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি ঢাকার নতুন কার্যনির্বাহী কমিটির অভিষেক ও ছাত্রবৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ড. সালেহউদ্দিন বলেন, ব্রাহ্মণবাড়িয়া ঐতিহ্য ও সম্প্রীতির ভূমি। শিক্ষায় বিনিয়োগ মানে শুধু শিক্ষার্থীকে সহায়তা করা নয়, বরং জাতির ভবিষ্যৎ গঠন করা। তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়ায় একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার চেষ্টা চলছে। তবে সমস্যা হলো, চিকিৎসকরা ঢাকার বাইরে যেতে চান না। অদূর কেরানীগঞ্জ থেকেও রাজধানীতে আসার জন্য তদবির করা হয়।

তিনি আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়া এখনো অনুন্নত জেলা। এর উন্নয়নে জেলার প্রতিষ্ঠিত ব্যক্তিদেরও এগিয়ে আসতে হবে। একইসাথে জেলা সমিতিগুলোকে ব্যক্তিকেন্দ্রিক না হয়ে সমষ্টিগত স্বার্থ রক্ষায় কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে জেলা সমিতির সভাপতি এম এ খালেক বলেন, ব্রাহ্মণবাড়িয়া দীর্ঘদিন ধরে রাজনৈতিক নেতৃত্ব, শিক্ষাবিদ ও শিল্পী উপহার দিয়ে আসছে। আজকের এ আয়োজন তরুণ প্রজন্মকে ইতিবাচকভাবে অনুপ্রাণিত করবে।

সমিতির সাধারণ সম্পাদক মো. খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, এটি কেবল উদযাপন নয়, বরং একটি নতুন আন্দোলনের সূচনা—ব্রাহ্মণবাড়িয়ার ইতিবাচক ভাবমূর্তি বিশ্বে ছড়িয়ে দেওয়ার আন্দোলন।

Nagad

অনুষ্ঠানে উচ্চশিক্ষায় কৃতী শিক্ষার্থীদের মধ্যে মোট ৩১২টি বৃত্তি দেওয়া হয়। এর মধ্যে অনার্স স্তরে ২৫টি, এইচএসসি স্তরে ১৮২টি এবং এসএসসি স্তরে ১০৫টি বৃত্তি। শেষে অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা।