শেখ হাসিনার ১৬ বছরের দুঃশাসনের চিত্র থাকবে জুলাই স্মৃতি জাদুঘরে
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৬ বছরের শাসনামলে ঘটে যাওয়া পিলখানা হত্যাকাণ্ড, গুম-খুন, আয়নাঘর, শাপলা ম্যাসাকার ও ভোট ডাকাতিসহ দুঃশাসনের নানা ঘটনা ঐতিহাসিক তথ্য আকারে উপস্থাপন করা হবে জুলাই স্মৃতি জাদুঘরে। সংগৃহীত ছবি
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৬ বছরের শাসনামলে ঘটে যাওয়া পিলখানা হত্যাকাণ্ড, গুম-খুন, আয়নাঘর, শাপলা ম্যাসাকার ও ভোট ডাকাতিসহ দুঃশাসনের নানা ঘটনা ঐতিহাসিক তথ্য আকারে উপস্থাপন করা হবে জুলাই স্মৃতি জাদুঘরে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়- সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী প্রধান উপদেষ্টাকে জানান, ৩১ অক্টোবর ২০২৫ এর মধ্যে এ জাদুঘরের নির্মাণকাজ শেষ হবে এবং নভেম্বরের প্রথম সপ্তাহে উদ্বোধন সম্ভব হবে বলে তারা আশা করছেন।
শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে জাদুঘর নির্মাণ কর্তৃপক্ষ এ তথ্য জানায়।
তিনি বলেন, ষোলো বছরের ফ্যাসিজমের ইতিহাস, সরাসরি গণভবন থেকে আসা নির্দেশনায় পরিচালিত নৃশংসতার চিত্রগুলো আমরা কিউরেট করছি। এগুলো জীবন্ত ইতিহাস হয়ে থাকবে।
প্রধান উপদেষ্টা বলেন, এ জাদুঘরে যারা আসবেন তারা ৫ আগস্ট গণভবনে জনতার ঢলকে অনুভব করবেন। মানুষের মধ্যে দুঃশাসনের বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তোলার এই অনুভবটাই জাদুঘরের বড় কাজ।
জাদুঘরের চিফ কিউরেটর তানজীম ওয়াহাব জানান, আইসিটি প্রসিকিউশন টিম ও গুম বিষয়ক তদন্ত কমিশনের সঙ্গে সমন্বয় করে কাজ চলছে। গুম-খুনের নির্দেশ দেওয়া অনেক অডিও জাদুঘরে সংরক্ষণ করা হচ্ছে। শেখ হাসিনা কীভাবে গুমের শিকার পরিবারকে মিথ্যা সান্ত্বনা দিতেন, সেই চিত্রও দর্শনার্থীরা দেখতে পাবেন।
ফারুকী বলেন, এটি হবে একটি ইউনিক জাদুঘর। দর্শনার্থীরা সিকোয়েন্স আকারে জানতে পারবেন শেখ হাসিনা কীভাবে দেশ পরিচালনা করতেন।

