পিআর পদ্ধতি বাস্তবায়নের আগে গণভোট করা যেতে পারে: জাকসু ভিপি

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৬:০৮ অপরাহন, সেপ্টেম্বর ২৪, ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) ভিপি আব্দুর রশিদ জিতু বলেছেন, দেশের বেশিরভাগ মানুষ এখনও পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি পুরোপুরি বোঝে না। তাই পিআর পদ্ধতি বাস্তবায়নের আগে একটি গণভোট আয়োজন করা যেতে পারে। গণভোটে যদি বেশি মানুষ এবং রাজনৈতিক দল মনে করে যে বর্তমান প্রেক্ষাপটে পিআর পদ্ধতি জরুরি, তবে নির্বাচন পিআর পদ্ধতিতে হতে পারে। অন্যথায়, পিআর পদ্ধতির প্রয়োজন নেই।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নিজ জেলা শরীয়তপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

আব্দুর রশিদ জিতু বলেন, ‘আমরা সবসময় পরিবর্তনের রাজনীতি চাই, যা জনমানুষের কথা বলবে, জনকল্যাণে কাজ করবে এবং সাম্য প্রতিষ্ঠা করবে। অতীতে রাজনীতি কিছু পরিবারের নিয়ন্ত্রণে ছিল। আমরা চাই যোগ্যতার ভিত্তিতে সবাই সমানভাবে রাজনীতিতে অংশ নিতে পারে।’

ভিপি জিতু আগামী জাতীয় নির্বাচনকে উল্লেখ করে বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা সুষ্ঠু গণতন্ত্র থেকে বঞ্চিত ছিলাম। আশা করি আগামী ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে সুষ্ঠু গণতন্ত্র নিশ্চিত হবে।’