আজিমপুরে হাজি সেলিমের বাড়িতে যৌথ বাহিনীর অভিযান, ৬ বিলাসবহুল গাড়ি জব্দ

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৪:১৩ অপরাহন, সেপ্টেম্বর ২৮, ২০২৫

সংগৃহীত ছবি

রাজধানীর আজিমপুর দায়রা শরিফ এলাকায় সাবেক সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিমের একটি বাড়িতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এ সময় বাড়ির আন্ডারগ্রাউন্ড পার্কিং থেকে ছয়টি বিলাসবহুল গাড়ি জব্দ করা হয়েছে।

আজ রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বাড়িটি ঘিরে ফেলে যৌথ বাহিনী। অভিযান শেষে গণমাধ্যমকে বিস্তারিত জানানো হবে বলে জানানো হয়েছে।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল খান জানান, যৌথ বাহিনী অভিযান চালিয়েছে এবং বিষয়টি পুলিশকে জানিয়েছে। তবে পুলিশের সদস্যরা অভিযানে অংশ নেয়নি; একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করছে।

স্থানীয় সূত্র জানায়, উদ্ধার হওয়া গাড়িগুলোর মধ্যে একটি গাড়িতে সংসদ সদস্যের লোগোও রয়েছে। বাড়িটির তত্ত্বাবধায়ককে আটক করেছে যৌথ বাহিনী। গাড়িগুলোর মালিকানা ও বৈধতা সম্পর্কে তিনি কোনো স্পষ্ট তথ্য দিতে পারেননি।

অভিযান ঘিরে এলাকায় ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। তবে যৌথ বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি। ধারণা করা হচ্ছে, বিষয়টি নিয়ে অনুসন্ধান চলছে।

Nagad