গ্রেপ্তারের সময় পুলিশের পরিচয়পত্র ও নেমপ্লেট থাকা বাধ্যতামূলক
আসামি গ্রেপ্তারের সময় পুলিশ সদস্যদের নেমপ্লেট ও পরিচয়পত্র পরিধান বাধ্যতামূলক করেছে আইন মন্ত্রণালয়। ফৌজদারি বিচার ব্যবস্থার সংস্কারের অংশ হিসেবে এই নির্দেশনা অন্তর্ভুক্ত করা হয়েছে।
রোববার (৫ অক্টোবর) আইন মন্ত্রণালয়ের সংস্কার কার্যক্রম–১-এর অধীনে গৃহীত এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি প্রকাশ করেন।
নতুন ফৌজদারি বিচার সংস্কারে চারটি গুরুত্বপূর্ণ বিষয় যুক্ত করা হয়েছে। সেগুলো হলো-গ্রেপ্তারকালে পুলিশের পরিচয়পত্র ও নেমপ্লেট থাকতে হবে।
গ্রেপ্তারের পর থানাকে গ্রেপ্তার ব্যক্তির নিকটজনকে অবহিত করতে হবে। গ্রেপ্তারকৃত ব্যক্তি আহত বা অসুস্থ হলে তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এসব আইনি সুরক্ষা বিষয় বিচারক তদারকি করবেন।
মিথ্যা মামলার বিরুদ্ধে ব্যবস্থা নিতে এখন ভুক্তভোগীকে আর আলাদা মামলা করতে হবে না।
মিথ্যা অভিযোগকারীর সাজা বৃদ্ধি করা হয়েছে, এবং সেই সাজা প্রদান করবেন বিচারক নিজেই।
সাক্ষী ও ভিকটিমের সুরক্ষা জোরদার করা হয়েছে এবং সংক্ষিপ্ত বিচার প্রক্রিয়া আরও কার্যকর করা হয়েছে।
আইন মন্ত্রণালয় জানিয়েছে, এসব পদক্ষেপের লক্ষ্য হলো ফৌজদারি বিচার ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহি ও নাগরিক অধিকার রক্ষা নিশ্চিত করা।

