খালেদা জিয়ার সেফ এক্সিটের দরকার পড়েনি: রুহুল কবির রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, অন্তরে সততার আলো থাকলে কোনো নেতার সেফ এক্সিটের দরকার হয় না। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ারও সেফ এক্সিটের প্রয়োজন পড়েনি, কারণ তিনি অন্তরের আলোকিত নেত্রী।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের পাগলাটারি গ্রামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিজভী বলেন, ‘খালেদা জিয়ার বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা ও অভিযোগ আনা হয়েছিল। তবু তিনি দেশের মাটিতেই থাকতে চেয়েছেন এবং কখনো সেফ এক্সিট চাননি।’
রিজভী আরও বলেন, ‘আমরা নতুন চিন্তা ও নতুন স্বপ্ন নিয়ে জনগণের কাছে যাচ্ছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান **তারেক রহমানের ভিশনেই আমাদের ভবিষ্যৎ রাজনীতি এগিয়ে যাবে। জনগণই শেষ পর্যন্ত বিচার করবে।’
তিনি দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘কর-জিডিপি অনুপাত কমছে, কর্মসংস্থান হচ্ছে না, শিল্পকারখানা বন্ধ। শেখ হাসিনা সরকারের সময়ে নানা প্রকল্পের আড়ালে হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। আমরা ৩১ দফা কর্মসূচি দিয়েছি, যেখানে দেশের ভবিষ্যতের করণীয় তুলে ধরা হয়েছে।’
এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বেবী নাজনীন, সৈয়দপুর জেলা বিএনপি সভাপতি আব্দুর গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহিন আক্তার, নির্বাহী কমিটির সদস্য বিলকিস ইসলাম, বিএনপি পরিবারের সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুন ও উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

