এআইইউবিতে শুরু হলো ডিজিটাল ভিএলএসআই ডিজাইন প্রশিক্ষণ কোর্স

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৮:৩২ অপরাহন, অক্টোবর ৯, ২০২৫

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) তে আধুনিক প্রযুক্তিনির্ভর পেশাগত প্রশিক্ষণ কোর্স ‘আরটিএল ডিজাইন, ভেরিফিকেশন, সিনথেসিস এ্যান্ড পিএনআর ফর ডিজিটাল ভিএলএসআই ডিজাইন’-এর উদ্বোধন হয়েছে।

রবিবার( ৫ অক্টোবর) আয়োজিত এই কোর্সটি পরিচালনা করছে এআইইউবি ইনস্টিটিউট অব কনটিনিউইং এডুকেশন (আইসিই) এবং ড. আনোয়ারুল আবেদীন ইনস্টিটিউট অফ ইনোভেশন (ডি₂এ₂আই)। কোর্সটির লক্ষ্য শিক্ষার্থীদের শিল্পে প্রযোজ্য দক্ষতায় প্রশিক্ষিত করা এবং একাডেমিক জ্ঞান ও শিল্পখাতের চাহিদার মধ্যে ব্যবধান কমানো।

উদ্বোধনী অনুষ্ঠানে সেন্টার ফর ভিএলএসআই এ্যান্ড এমবেডেড সিস্টেমস (সিভিইএস)-এর ডেপুটি ডিরেক্টর ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাহরিয়ার মাসুদ রিজভি কোর্সের উদ্দেশ্য, কাঠামো ও বৈশ্বিক ভিএলএসআই পেশাজীবী চাহিদার প্রেক্ষাপটে এর গুরুত্ব তুলে ধরেন।

এআইইউবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সাইফুল ইসলাম তার বক্তব্যে বাংলাদেশের ভিএলএসআই গবেষণা ও শিক্ষার বিকাশ নিয়ে আলোচনা করেন এবং অংশগ্রহণকারীদের এই কোর্সের সুযোগ সর্বোচ্চভাবে কাজে লাগানোর আহ্বান জানান।

কোর্সের সহ-প্রশিক্ষক ও ফিজিক্যাল ডিজাইন ইঞ্জিনিয়ার আতাউস শফি নবীন ভিএলএসআই ইঞ্জিনিয়ারদের জন্য এ প্রশিক্ষণের রূপান্তরমূলক সম্ভাবনার কথা তুলে ধরেন।

এআইইউবির ডিন (ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং) প্রফেসর ড. এ.বি.এম. সিদ্দিক হোসেন বিশ্বব্যাপী ভিএলএসআই শিল্পের দ্রুত সম্প্রসারণের কথা উল্লেখ করে বলেন, ‘এ ধরনের বিশেষায়িত প্রোগ্রাম দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

Nagad

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রো ভাইস চ্যান্সেলর ও ডি₂এ₂আই-এর প্রতিষ্ঠাতা পরিচালক প্রফেসর ড. মো. আব্দুর রহমান। তিনি প্রশিক্ষক ও আয়োজকদের ধন্যবাদ জানিয়ে ২০২১ সালে ডি₂এ₂আই প্রতিষ্ঠার পেছনের দৃষ্টিভঙ্গি স্মরণ করেন এবং উদ্বোধনী ব্যাচের ২৬ জন শিক্ষার্থীকে অভিনন্দন জানান।

শেষে ড. শাহরিয়ার মাসুদ রিজভি সকল অংশগ্রহণকারী ও আয়োজকদের ধন্যবাদ জানান।