মেজর জেনারেল কবীর আহাম্মদকে ধরতে সীমান্তে সতর্কতা জারি করেছে সেনাবাহিনী

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:১২ পূর্বাহ্, অক্টোবর ১২, ২০২৫

বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুমের মাধ্যমে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় অভিযুক্ত সেনা গোয়েন্দা সংস্থা সিটিআইবির সাবেক পরিচালক মেজর জেনারেল কবীর আহাম্মদকে ধরতে দেশের সব স্থল, নৌ ও বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে। সেনাবাহিনী তাকে ‘ইলিগ্যাল অ্যাবসেন্ট’ হিসেবে ঘোষণা করেছে।

শনিবার (১১ অক্টোবর) বিকেলে ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান এ তথ্য জানান।

তিনি বলেন, ‘যাদের সেনা হেফাজতে আসতে বলা হয়েছিল, তাদের মধ্যে সবাই সাড়া দিয়েছে। শুধু একজন — মেজর জেনারেল কবীর আহাম্মদ-রেসপন্স করেননি। তিনি ৯ অক্টোবর সকালে আইনজীবীর সঙ্গে দেখা করার কথা বলে বাসা থেকে বের হন, কিন্তু আর ফেরেননি। এরপর পরিবারের সঙ্গেও তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।’

মেজর জেনারেল হাকিমুজ্জামান আরও বলেন, ‘আমরা নিয়মানুযায়ী তাকে ‘ইলিগ্যাল অ্যাবসেন্ট’ ঘোষণা করেছি এবং প্রয়োজনীয় অফিসিয়াল প্রক্রিয়া সম্পন্ন করেছি। একই সঙ্গে ডিজিএফআই, এনএসআই ও বিজিবিকে জানানো হয়েছে— যেন তিনি কোনোভাবেই স্থল, বিমান বা সমুদ্রপথে দেশ ত্যাগ করতে না পারেন।’

তিনি জানান, কবীর আহাম্মদের গ্রামের বাড়ি নেত্রকোনায় সেনা সদস্য পাঠানো হয়েছে। তিনি যাতে বিদেশে পালাতে না পারেন, সেজন্য সেনাবাহিনীর পক্ষ থেকে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলোর প্রধানদের সঙ্গেও সরাসরি যোগাযোগ করা হয়েছে।

উল্লেখ্য, মেজর জেনারেল কবীর আহাম্মদ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)-এর পরিচালক ছিলেন।

Nagad