শক্তিশালী পাসপোর্ট সূচকে পেছাল বাংলাদেশ
বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে আরও নিচে নেমেছে বাংলাদেশ। যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত সর্বশেষ সূচকে ১০৬ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০০তম।
মঙ্গলবার (১৪ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের নাগরিকরা এখন মাত্র ৩৮টি দেশে ভিসা ছাড়া প্রবেশের সুযোগ পাচ্ছেন। আগের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৯৪তম, অর্থাৎ তিন মাসের ব্যবধানে দেশটি ৬ ধাপ পিছিয়েছে।
সূচকে বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে রয়েছে উত্তর কোরিয়া। তবে বাংলাদেশি পর্যটকদের অভিযোগ, তালিকায় থাকা বেশ কয়েকটি তথাকথিত ভিসামুক্ত দেশে প্রবেশের সময়ও নানা জটিলতার মুখে পড়তে হয়।
অন্যদিকে, বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হিসেবে সিঙ্গাপুর তালিকার শীর্ষে রয়েছে; দেশটির নাগরিকরা ১৯৩টি দেশে ভিসামুক্ত ভ্রমণ করতে পারেন। এর পরের অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া (১৯০ দেশ) এবং জাপান (১৮৯ দেশ)।
সূচকের সর্বনিম্ন স্থানে রয়েছে আফগানিস্তান, যেখানে নাগরিকরা মাত্র ২৪টি দেশে ভিসামুক্ত প্রবেশের সুযোগ পান।
হেনলি অ্যান্ড পার্টনার্সের এই সূচকটি আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা (আইএটিএ)–এর তথ্যের ভিত্তিতে তৈরি হয়, যেখানে ১৯৯টি দেশের পাসপোর্ট ও ২২৭টি গন্তব্য বিবেচনা করা হয়েছে।

