ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, নতুন ভর্তি ৭৫৮ জন
সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৫৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ বুধবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের পাঠানো নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ২৪২ জনে, আর মোট আক্রান্ত হয়েছেন ৫৭ হাজার ১৫ জন।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে-ঢাকা উত্তর সিটি করপোরেশনে-১০২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে- ১০০ জন, ঢাকার বাইরে (বিভিন্ন জেলা)-৫৫৬ জন, এর মধ্যে বরিশালে ১৩৩ জন, চট্টগ্রামে ৮৫ জন, খুলনায় ৬২ জন, ময়মনসিংহে ৫০ জন, রাজশাহীতে ৪৭ জন, রংপুরে ১৯ জন ও সিলেটে ২ জন নতুন করে ভর্তি হয়েছেন।
ডেঙ্গুতে মারা যাওয়া চারজনের মধ্যে তিনজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এবং একজন বরিশালের বাসিন্দা।
গত ২৪ ঘণ্টায় ৭৬৪ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। ফলে চলতি বছর মোট ৫৪ হাজার ১১৮ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়েছেন।

