রাজধানীতে প্রযুক্তি খাতে নতুন দিগন্ত: চালু হলো ‘ঢাকা কম্পিউটার সিটি’

তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:
প্রকাশিত: ৯:০৭ অপরাহন, নভম্বর ১০, ২০২৫

রাজধানীর নিউ ইস্কাটন রোডে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে দেশের নতুন প্রযুক্তি বাণিজ্যিক কেন্দ্র ‘ঢাকা কম্পিউটার সিটি (DCC)’। হাজারী গ্রুপ এবং সিটি ডেভেলপমেন্টের যৌথ উদ্যোগে নির্মিত ১৫ তলা বিশিষ্ট এই আধুনিক আইটি কমপ্লেক্স প্রযুক্তি ব্যবসা, সেবা ও উদ্ভাবনের নতুন কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে উঠছে।

রোববার (৯ নভেম্বর) উদ্বোধনী অনুষ্ঠানে উদ্যোক্তারা জানান, এটি হবে দেশের সবচেয়ে আধুনিক আইটি বাণিজ্যিক ভবন। এখানে ব্যবসায়ীরা ভাড়ার টাকায় সাব কাবলা পদ্ধতিতে দোকান ও অফিস স্পেসের মালিক হতে পারবেন। পাশাপাশি ব্যাংক ঋণ ও সহজ কিস্তিতে অর্থ পরিশোধের সুযোগ থাকছে, যা তরুণ উদ্যোক্তাদের জন্য ব্যবসা শুরু সহজ করবে।

ঢাকা কম্পিউটার সিটিতে রয়েছে অত্যাধুনিক ফায়ার সেফটি সিস্টেম, স্মার্ট বিল্ডিং ম্যানেজমেন্ট, পর্যাপ্ত পার্কিং, ব্যাকআপ জেনারেটর, হাই-স্পিড লিফট, ২৪ ঘণ্টা নিরাপত্তা, উচ্চগতির ইন্টারনেট ও স্মার্ট অ্যাকসেস কন্ট্রোল সিস্টেম।

এটি প্রযুক্তি পণ্যের ডিস্ট্রিবিউটর, রিসেলার, ই-কমার্স ব্যবসায়ী, মোবাইল ও হার্ডওয়্যার কোম্পানিগুলোর জন্য আদর্শ কেন্দ্র হবে বলে জানান উদ্যোক্তারা। এখানে হার্ডওয়্যার, সফটওয়্যার, সার্ভার, রোবটিক্স, সিসিটিভি ও আইওটি পণ্যের প্রদর্শনী ও বিক্রয় সুবিধা থাকবে।

বিসিএস পরিচালক ও ওয়েলকিন কম্পিউটারসের স্বত্বাধিকারী নজরুল ইসলাম হাজারী বলেন, “২০০৬ সালে মাল্টিপ্লান সেন্টারের মাধ্যমে আমরা আইটি খাতের জন্য প্রথম বড় বাণিজ্যিক কেন্দ্র গড়েছিলাম। ‘ঢাকা কম্পিউটার সিটি’ সেই সাফল্যেরই পরবর্তী অধ্যায়।”

বিসিএস সেক্রেটারি মনিরুল ইসলাম বলেন, ‘এটি কেবল একটি ভবন নয়, বরং দেশের ডিজিটাল অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ অবকাঠামোগত বিনিয়োগ।’

Nagad

স্মার্ট টেকনোলজির পরিচালক মো. মুজাহিদ আল বেরুনী সুজন বলেন, ‘ডিসিসি একটি ভবিষ্যৎমুখী উদ্যোগ। এখনো মানুষ প্রযুক্তি পণ্য সরাসরি মার্কেট থেকে কিনতে পছন্দ করে, তাই এর বাজার সম্ভাবনা অনেক।’

ঢাকা কম্পিউটার সিটির পরিচালক ও টেকনো গ্রুপের চেয়ারম্যান কামাল হোসেন সেলিম বলেন, ‘আমাদের লক্ষ্য রাজধানীতে এমন একটি স্থায়ী কেন্দ্র তৈরি করা, যেখানে প্রযুক্তি উদ্যোক্তারা একত্রে কাজ করতে পারবেন। এটি প্রযুক্তি খাতকে আরও গতিশীল করবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল আরাফাহ ইসলামী ব্যাংকের ডিএমডি আব্দুল্লাহ আল মামুন, গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের সমীর কুমার দাশ, ইসিএস ট্রেজারার নাসির, এলিফ্যান্ট রোড, মিরপুর, মতিঝিল ও উত্তরা কম্পিউটার সমিতির নেতৃবৃন্দসহ বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তারা।