গেমার ও কনটেন্ট নির্মাতাদের জন্য লেনোভোর নতুন দুই ল্যাপটপ

তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:
প্রকাশিত: ৬:৪১ অপরাহন, অক্টোবর ২৪, ২০২৬

গেমিংয়ের জগতে দ্রুতগতির অভিজ্ঞতা, ভিডিও সম্পাদনায় বাড়তি গতি কিংবা একসঙ্গে একাধিক ভারী কাজ সামলানোর সক্ষমতা-সব মিলিয়ে আধুনিক ল্যাপটপের কাছে ব্যবহারকারীদের প্রত্যাশা এখন অনেক বেশি। বিশেষ করে গেমার, স্ট্রিমার ও কনটেন্ট নির্মাতাদের প্রয়োজন এমন যন্ত্র, যা শুধু দৈনন্দিন কাজ নয়, বরং উচ্চক্ষমতার কাজেও সমানভাবে পারদর্শী।

এমন ব্যবহারকারীদের কথা মাথায় রেখে বাংলাদেশের বাজারে লেনোভোর এলওকিউ সিরিজের নতুন দুটি গেমিং ল্যাপটপ এনেছে প্রযুক্তিপণ্য পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। মডেল দুটি হলো—লেনোভো এলওকিউ ১৫আইআরএক্স১০ সিরিজের ৮৩জেই০১এইচএক্সএলকে এবং ৮৩জেই০১এইচডব্লিউএলকে। এ দুটিতেই রয়েছে শক্তিশালী প্রসেসর, উচ্চ রিফ্রেশ রেটের পর্দা এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কম্পিউটিংয়ের সুবিধা।

ল্যাপটপ দুটির অন্যতম আকর্ষণ ১৪তম প্রজন্মের ইন্টেল কোর আই৭-১৪৭০০এইচএক্স প্রসেসর। ২০ কোর ও ২৮ থ্রেডের এই প্রসেসর সর্বোচ্চ ৫ দশমিক ৫ গিগাহার্টজ গতিতে কাজ করতে পারে। ফলে গেম খেলার পাশাপাশি ভিডিও সম্পাদনা, একসঙ্গে একাধিক সফটওয়্যার চালানো এবং তুলনামূলক ভারী কম্পিউটিংয়ের কাজেও এটি উপযোগী।

দুটি মডেলেই রয়েছে ১৬ জিবি ডিডিআর৫-৫৬০০ র‍্যাম এবং ৫১২ জিবি পিসিআই-ই ৪.০ এনভিএমই এসএসডি। অর্থাৎ, দ্রুত তথ্য আদান-প্রদান ও সফটওয়্যার চালানোর পাশাপাশি প্রয়োজনীয় ফাইল সংরক্ষণের সুবিধাও থাকছে। ব্যবহারকারীর কাজের চাহিদা বাড়লে র‍্যাম সর্বোচ্চ ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। অতিরিক্ত এম.২ এসএসডি স্লটের মাধ্যমে স্টোরেজ বাড়ানোর সুযোগও রয়েছে।

মডেল দুটির প্রধান পার্থক্য গ্রাফিকস সক্ষমতায়। লেনোভো এলওকিউ ১৫আইআরএক্স১০-এর ৮৩জেই০১এইচএক্সএলকে মডেলে রয়েছে ৮ জিবি জিডিডিআর৭ মেমোরিসহ এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৫০৬০ গ্রাফিকস কার্ড, যার এআই কম্পিউটিং সক্ষমতা সর্বোচ্চ ৫৭২ টপস। মডেলটির বাজারমূল্য ২ লাখ ২৫ হাজার টাকা। অন্যদিকে, ৮৩জেই০১এইচডব্লিউএলকে মডেলে রয়েছে ৮ জিবি জিডিডিআর৭ মেমোরিসহ এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৫০৫০ গ্রাফিকস কার্ড, যার এআই কম্পিউটিং সক্ষমতা সর্বোচ্চ ৪৪০ টপস। মডেলটির বাজারমূল্য ২ লাখ ১৭ হাজার টাকা। ফলে ব্যবহারকারীরা নিজেদের গেমিং, গ্রাফিকস ও কর্মক্ষমতার চাহিদা এবং বাজেট অনুযায়ী উপযুক্ত মডেলটি বেছে নিতে পারবেন।

১৪৪ হার্টজের পর্দায় দ্রুতগতির দৃশ্য
গেমিংয়ের সময় পর্দায় দৃশ্য কতটা মসৃণভাবে দেখা যাবে, তা নির্ভর করে রিফ্রেশ রেটসহ একাধিক বিষয়ের ওপর। ল্যাপটপ দুটিতে রয়েছে ১৫ দশমিক ৬ ইঞ্চির ফুল এইচডি আইপিএস ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। এতে রয়েছে ৩০০ নিটস উজ্জ্বলতা, অ্যান্টি-গ্লেয়ার সুবিধা এবং ১০০ শতাংশ এসআরজিবি কালার গ্যামুট। দ্রুতগতির গেমিংয়ের পাশাপাশি ছবি সম্পাদনা, ভিডিও দেখা ও রঙের নির্ভুলতা গুরুত্বপূর্ণ—এমন কনটেন্ট তৈরির কাজেও ডিসপ্লের এসব বৈশিষ্ট্য কাজে আসতে পারে।

Nagad

কিবোর্ড, অডিও ও ওয়েবক্যামেও বাড়তি সুবিধা
গেমিংয়ের অভিজ্ঞতা শুধু প্রসেসর বা গ্রাফিকস কার্ডের ওপর নির্ভর করে না। দীর্ঘ সময় কাজ করা, গেম খেলা কিংবা সরাসরি সম্প্রচারের জন্য কিবোর্ড, অডিও ও ক্যামেরার সুবিধাও গুরুত্বপূর্ণ। এলওকিউর নতুন মডেল দুটিতে রয়েছে ২৪-জোন আরজিবি ব্যাকলিট কিবোর্ড, নাহমিক অডিও এবং পাঁচ মেগাপিক্সেলের ই-শাটার ওয়েবক্যাম। পাশাপাশি প্রাইভেসি শাটার থাকায় প্রয়োজন অনুযায়ী ক্যামেরা বন্ধ রাখার সুবিধাও রয়েছে।

ল্যাপটপ দুটিতে রয়েছে লেনোভো এলএ১ এআই চিপ, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.২, এইচডিএমআই ২.১, ইউএসবি-সি এবং আরজে৪৫ ল্যান পোর্ট। এতে ৬০ ওয়াট-ঘণ্টার ব্যাটারি ও ফার্মওয়্যার টিপিএম ২.০ নিরাপত্তাব্যবস্থাও রয়েছে। লুনা গ্রে রঙের নকশায় তৈরি ল্যাপটপগুলোতে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত মেমোরি ও স্টোরেজ যুক্ত করার সুযোগ থাকছে।

কার জন্য কোনটি?
গেমিংয়ের পাশাপাশি ভিডিও সম্পাদনা, সরাসরি সম্প্রচার ও অন্যান্য ভারী কাজ করেন-এমন ব্যবহারকারীদের জন্য লেনোভোর নতুন এলওকিউ মডেল দুটি বিবেচনায় আসতে পারে। তবে কোন মডেলটি উপযুক্ত হবে, তা নির্ভর করবে ব্যবহারকারীর কাজের ধরন, গ্রাফিকসের চাহিদা ও বাজেটের ওপর। ল্যাপটপ দুটিতে দুই বছরের ব্র্যান্ড ওয়ারেন্টি এবং পাওয়ার অ্যাডাপ্টারে এক বছরের ওয়ারেন্টি দেওয়া হচ্ছে। পণ্যের বিস্তারিত তথ্য ও কেনার জন্য গ্লোবাল ব্র্যান্ড পিএলসির অনলাইন স্টোর, নিকটস্থ শাখা এবং অনুমোদিত বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করা যাবে।