আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে: সালাহউদ্দিন
জুলাই–আগস্টের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায়কে ‘ন্যায়বিচারের প্রতিষ্ঠা’ হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এ রায় শুধু মাইলফলকই নয়, ভবিষ্যতে কোনো সরকার বা ব্যক্তি যেন ফ্যাসিস্ট, স্বৈরাচার বা একনায়ক হয়ে উঠতে না পারে-এ রায় সেই সতর্কবার্তাও দেবে।
সোমবার (১৭ নভেম্বর) এক বিবৃতিতে সালাহউদ্দিন বলেন, ‘ফ্যাসিবাদ যত শক্তিশালীই হোক, যত ক্ষমতা দখলে রাখুক না কেন—একদিন না একদিন আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবেই। এই রায় সেটিই প্রমাণ করেছে।’
উল্লেখ্য, বহুল আলোচিত মানবতাবিরোধী অপরাধের এই মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন। ট্রাইব্যুনাল জানায়, হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের সব অভিযোগই তাদের বিরুদ্ধে প্রমাণিত হয়েছে।
এছাড়া একই মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সালাহউদ্দিন বলেন, এই রায় দেশের বিচারব্যবস্থা ও আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে।

