হাসিনাকে হস্তান্তরে ভারতে পাঠানো চিঠির উত্তর পায়নি ঢাকা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৪:২৫ অপরাহন, নভম্বর ২৬, ২০২৫

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হস্তান্তরের বিষয়ে ভারতকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। তবে চিঠি পাঠানোর পর বেশ কিছুদিন অতিবাহিত হলেও ভারত এখনো কোনো উত্তর দেয়নি বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নোট ভার্বালের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠিটি পাঠানো হয়েছে। কিন্তু এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দ্রুত কোনো উত্তর আসার সম্ভাবনাও দেখছেন না তারা।

তৌহিদ হোসেন বলেন, নোট ভার্বাল আমাদের মিশনের মাধ্যমে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কোনো উত্তর আসেনি। এত তাড়াতাড়ি উত্তর আশাও করি না।

সরকারি সূত্রগুলো জানিয়েছে, বিষয়টির সংবেদনশীলতা ও দুই দেশের কূটনৈতিক প্রক্রিয়ার জটিলতার কারণে সময় লাগতে পারে। তবে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে প্রক্রিয়াটি এগিয়ে নিয়ে যাচ্ছে।

Nagad