বিদেশি কর্মী নিয়োগে বড় ঘোষণা মালয়েশিয়ার, সাত খাতে নতুন অনুমোদন
মালয়েশিয়ার শিল্পখাতে শ্রমিক সংকট মোকাবিলায় নতুন করে বৈধ প্রক্রিয়ায় বিদেশি কর্মী নিয়োগের অনুমোদন দিয়েছে দেশটির সরকার। বুধবার (২৬ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় মালয়েশিয়ার অভিবাসন বিভাগ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিদেশি কর্মীদের অধিকার সুরক্ষা, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং নিয়ন্ত্রিতভাবে শ্রমিক প্রবেশ বজায় রাখতে সরকার এবার কঠোর নজরদারির নীতি অনুসরণ করবে।
অভিবাসন বিভাগের তথ্য অনুযায়ী, সাতটি প্রধান খাত এবং একটি বিশেষ বিভাগে বিদেশি কর্মী নিয়োগের অনুমতি দেওয়া হয়েছে। খাতগুলো হলো— নির্মাণ, পরিষেবা, কৃষি, বৃক্ষরোপণ, উৎপাদন, খনন ও কোয়ারিং, নিরাপত্তা নিয়ন্ত্রণ এবং বিশেষ বিভাগে বিদেশি গৃহকর্মী।
এছাড়া ১৫টি উৎস দেশ থেকে বিদেশি কর্মী নেওয়ার অনুমতি দিয়েছে মালয়েশিয়া। দেশগুলো হলো-বাংলাদেশ, কম্বোডিয়া, ভারত, ইন্দোনেশিয়া, কাজাখস্তান, লাওস, মায়ানমার, নেপাল, পাকিস্তান, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, তুর্কমেনিস্তান, ফিলিপাইন, উজবেকিস্তান ও ভিয়েতনাম।
তবে বিদেশি গৃহকর্মী নিয়োগের ক্ষেত্রে উৎস দেশের তালিকা আলাদা রাখা হয়েছে। এ ক্ষেত্রে শুধুমাত্র কম্বোডিয়া, ভারত, ইন্দোনেশিয়া, লাওস, নেপাল, ফিলিপাইন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও ভিয়েতনাম— এই ৯টি দেশ থেকে গৃহকর্মী নেওয়া হবে।
অভিবাসন বিভাগ জানায়, বৈধ পথে কর্মী নিয়োগের পুরো প্রক্রিয়া এবার আরও কঠোরভাবে তদারকি করা হবে। বিদেশি কর্মীদের যেকোনো নির্যাতন বা অন্যায্য আচরণ থেকে সুরক্ষা, নিয়োগকর্তা–কর্মীর অধিকার স্পষ্ট করা এবং দেশের শ্রম আইন মেনে চলা বাধ্যতামূলক করা হবে।
সংস্থাটি বলছে, নতুন এই নীতিমালা প্রকাশের মাধ্যমে বিদেশি কর্মী নিয়োগকে আরও স্বচ্ছ ও সুশৃঙ্খল করতে সরকারের অঙ্গীকার আরও সুদৃঢ় হয়েছে। এ নীতির ফলে বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ায় বৈধ কর্মসংস্থানের সুযোগ আবারও উন্মুক্ত হলো।

