সবাইকে নারী শিল্পীদের পাশে থাকার আহ্বান জেফারের

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৫:২৩ অপরাহন, নভম্বর ২৬, ২০২৫

গায়িকা ও অভিনেত্রী জেফার রহমান একাধারে সংগীত ও অভিনয় দুই ক্ষেত্রেই নিজের প্রতিভা প্রমাণ করেছেন। প্লেব্যাক, মৌলিক গান কিংবা অভিনয়—সব জায়গায়ই তিনি দেখিয়েছেন দক্ষতা এবং পেয়েছেন দর্শক-শ্রোতার প্রশংসা। তবুও নিজের কাজের প্রাপ্য স্বীকৃতি না পাওয়া নিয়ে আক্ষেপ প্রকাশ করলেন এই শিল্পী।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ৩ মিনিট ৩৩ সেকেন্ডের একটি ভিডিও বার্তায় জেফার জানান, দীর্ঘদিন তিনি মনে মনে কিছু কথা জমিয়ে রেখেছিলেন। এবার তা প্রকাশ করলেন খোলামেলা ভাষায়।

জেফার বলেন, অনেকেই মনে করেন তিনি কেবল গান করেন—যা পুরো সত্য নয়। নিজের কাজের নেপথ্যের পরিশ্রম সম্পর্কে তিনি বলেন, আমি শুধু গান করি না; গান সুর করি, লিখি, পরিকল্পনা করি, মিউজিক ভিডিওর প্রস্তুতি নেই—সবকিছুই আমাকে দেখতে হয়। আমার গানের ৯০ শতাংশই আমার নিজের সুর করা।

তিনি জানান, এত পরিশ্রমের পরও যখন নিজের অবদান বোঝা হয় না, তখন তা তাকে কষ্ট দেয়। ‘গান প্রকাশের পর প্রশংসা, সমালোচনা—সবই আসে। কিন্তু যখন মানুষ গানের পেছনের আমার শ্রমটা বোঝে না, তখন ভালো লাগে না।’

ভিডিও বার্তার শেষে জেফার বিশেষভাবে নারী শিল্পীদের প্রতি সহযোগিতার আহ্বান জানান। তিনি বলেন, ‘প্লিজ, আপনারা শিল্পীদের, বিশেষ করে নারী শিল্পীদের একটু সাপোর্ট করবেন। আমাদের অনেক সামাজিক বাধা পেরিয়ে কাজ করতে হয়। আপনাদের সমর্থন আমাদের এগিয়ে যেতে সাহস যোগাবে ‘

বাংলাদেশের সংগীতজগতে নারী শিল্পীদের পথচলা ও সংগ্রাম নিয়ে এই বার্তাটি ইতিমধ্যে আলোচনায় এসেছে।

Nagad