‘বাউলদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা’

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:৩৭ অপরাহন, নভম্বর ২৭, ২০২৫

বাউল সম্প্রদায়ের ওপর সাম্প্রতিক হামলার ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব বলেন, যারা বাউলদের আক্রমণ করেছে, তাদের খুব দ্রুত অ্যারেস্ট করার নির্দেশ দেওয়া হয়েছে। সে অনুযায়ী মানিকগঞ্জের পুলিশ কাজ করছে। অন্যান্য জায়গায় যেখানেই আক্রমণ হয়েছে সেখানে সাঁড়াশি অভিযান চলছে। খুব দ্রুতই ফলাফল জানা যাবে।

এ সময় তিনি আরও জানান, সংশ্লিষ্ট সব এলাকায় পুলিশ ইতোমধ্যেই অভিযানে নেমেছে এবং হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে কাজ চলছে।

রোহিঙ্গা ইস্যু নিয়ে এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা আশা করেছিলেন রোহিঙ্গারা ঈদের আগেই নিজ দেশে ফিরে যেতে পারবে। তবে কূটনৈতিক প্রক্রিয়ার কারণে সময় লাগছে। তিনি বলেন, প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং আমরা আত্মবিশ্বাসী যে ইতিবাচক ফলাফল আসবে।