খালেদা জিয়ার চিকিৎসায় এয়ার অ্যাম্বুলেন্স দিতে চায় কাতার ও আমিরাত

জ্যেষ্ঠ প্রতিবেদক:জ্যেষ্ঠ প্রতিবেদক:
প্রকাশিত: ২:৫৪ অপরাহন, december ৪, ২০২৫

ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে সম্মতি জানিয়েছে কাতার ও সংযুক্ত আরব আমিরাত। কূটনৈতিক সূত্র জানায়, বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে দোহা থেকে বিএনপিকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানায় কাতার সরকার।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র আরও জানায়, আমিরাতের সঙ্গেও বিএনপি যোগাযোগ করেছে এবং দেশটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে সম্মতি দিয়েছে।

বিএনপির একটি সূত্র জানিয়েছে, আগামীকাল শুক্রবারই খালেদা জিয়াকে যুক্তরাজ্যে নেওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে, গত ২৯ নভেম্বর কাতারের রাষ্ট্রদূত সেরাইয়া আলী আল কাহতানির কাছে এয়ার অ্যাম্বুলেন্স সহায়তার জন্য আনুষ্ঠানিক চিঠি পাঠান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চিঠিতে সফরসঙ্গী হিসেবে ১৪ জনের নামও পাঠানো হয়।

সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন—সৈয়দা শর্মিলা রহমান, চিকিৎসক দল থেকে ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন, মোহাম্মদ আনামুল হক চৌধুরী, ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, মো. শাহাবুদ্দিন তালুকদার, নূরুদ্দিন আহমদ, মো. জাফর ইকবাল ও মোহাম্মদ আল মামুন। নিরাপত্তা দায়িত্বে থাকবেন হাসান শহরিয়ার ইকবাল ও সৈয়দ সামিম মাহফুজ। এছাড়া রয়েছেন-মো. আবদুল হাই মল্লিক, মো. মাসুদুর রহমান এবং গৃহকর্মী ফাতেমা বেগম ও রূপা সিকদার।

২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট বেড়ে গেলে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ফুসফুসে সংক্রমণ ধরা পড়ার পর তাকে এসডিইউ থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়। প্রতিদিনই দেশের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা হাসপাতালে ভিড় করছেন।

Nagad

বুধবার বিকেলে তার চিকিৎসায় সহযোগিতা করতে যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল ঢাকায় পৌঁছান। একই রাতে চীন থেকে চার সদস্যের আরেকটি মেডিকেল টিম ঢাকায় এসে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্ত হয়।