রূপসায় ফাঁড়ির বাথরুম থেকে কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১:৩১ অপরাহন, december ৬, ২০২৫

খুলনার রূপসায় শিয়ালী পুলিশ ফাঁড়ির বাথরুম থেকে ফেরদৌস হোসেন (২৭) নামে এক পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) দিবাগত রাতের দিকে ঘাটভোগ ইউনিয়নের শিয়ালী পুলিশ ফাঁড়িতে এ ঘটনাটি ঘটে।

মৃত ফেরদৌস হোসেন যশোর সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে। তিনি শিয়ালী পুলিশ ফাঁড়িতেই কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যা থেকে ফেরদৌস হোসেনকে ফাঁড়ির ভেতরে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাতে খোঁজাখুঁজির এক পর্যায়ে ফাঁড়ির বাথরুমের সিলিংয়ের সঙ্গে গলায় কাপড় পেঁচানো অবস্থায় তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ উদঘাটন না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।