১ লাখ ৯৩ হাজার ৮৭৪ প্রবাসী ভোটারের নিবন্ধন সম্পন্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে এ পর্যন্ত ১ লাখ ৯৩ হাজার ৮৭৪ জন প্রবাসী বাংলাদেশি ভোটার হিসেবে নিবন্ধন করেছেন। নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১১টা পর্যন্ত প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট-এ এ তথ্য জানানো হয়।
ইসির তথ্য অনুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারীদের মধ্যে পুরুষ ১ লাখ ৭৪ হাজার ৯০৯ জন এবং নারী ১৮ হাজার ৯৬৫ জন।
ইসি জানিয়েছে, অ্যাপে নিবন্ধনের সময় বিদেশে অবস্থানকালীন দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী সঠিক ঠিকানা প্রদান করতে হবে। প্রয়োজনে কর্মস্থল বা পরিচিতজনের ঠিকানাও ব্যবহার করা যাবে। ভুল ঠিকানায় নিবন্ধন করলে ৬ ডিসেম্বরের মধ্যে অ্যাপের ‘এডিট মেন্যু’ থেকে সংশোধন করতে বলা হয়েছে। সঠিক ঠিকানা ছাড়া প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো সম্ভব নয় বলে উল্লেখ করা হয়েছে।
আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি–এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমদ খান জানান, দেশভিত্তিক নিবন্ধনে শীর্ষে সৌদি আরব (৩৮,২৬৯ জন) ও যুক্তরাষ্ট্র (১৯,২৭১ জন) রয়েছে।
ইসি আরও জানায়, প্রবাসীদের জন্য পোস্টাল ভোটে নিবন্ধনের সময়সীমা বাড়িয়ে ২৫ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। এর আগে ১৮ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সময় নির্ধারিত ছিল।
ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, দেশের ভেতরে থাকা সরকারি কর্মকর্তা, আইনি হেফাজতে থাকা ভোটার এবং নিজ এলাকার বাইরে থাকা সরকারি চাকরিজীবীদের জন্য ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং (আইসিপিভি) প্রক্রিয়াও চালু করা হবে। তফসিল ঘোষণার পর ১৫ দিনের মধ্যে এ নিবন্ধন কার্যক্রম চলবে।
গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করেন এবং ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য ১৪৮টি দেশে ভোটার নিবন্ধনের সময়সূচি ঘোষণা করেন।
ইসি বলেছে, পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে প্রবাসী ভোটারকে অবশ্যই সেই দেশের মোবাইল নম্বর ব্যবহার করে নিবন্ধন করতে হবে। গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে সঠিক ঠিকানাসহ নিবন্ধন করলে বিদেশে ব্যালট গ্রহণ নিশ্চিত হবে।

