এআইইউবি’র ২৩তম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেলেন ১,৭৬৬ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৫:০৬ অপরাহন, december ১৩, ২০২৫

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–বাংলাদেশ (এআইইউবি)-এর ২৩তম সমাবর্তন শনিবার (১৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. সাহাবুদ্দিনের সম্মতিক্রমে বিশিষ্ট বিজ্ঞানী ড. আবেদ চৌধুরী সমাবর্তনে সভাপতিত্ব করেন এবং গ্র্যাজুয়েটদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

সমাবর্তনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন এআইইউবির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা সদস্য মিসেস নাদিয়া আনোয়ার, উপাচার্য প্রফেসর ড. সাইফুল ইসলাম এবং উপ-উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুর রহমান।

এবারের সমাবর্তনে বিভিন্ন অনুষদের মোট ১,৭৬৬ জন শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হয়। কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য চ্যান্সেলর স্বর্ণপদক পেয়েছেন ৩ জন। এছাড়া সুম্মা কাম লাউড পেয়েছেন ৪৩ জন, ম্যাগনা কাম লাউড ৭৪ জন, কাম লাউড ২৬ জন, ডা. আনোয়ারুল আবেদীন লিডারশিপ পদক ১৯ জন এবং ভাইস-চ্যান্সেলর পদক পেয়েছেন ২১ জন শিক্ষার্থী।

সমাবর্তনের সভাপতি ড. আবেদ চৌধুরী বলেন, বর্তমান বিশ্ব ঝুঁকি ও সম্ভাবনার যুগে প্রবেশ করেছে। এই সংকট মোকাবিলায় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাই সবচেয়ে বড় শক্তি। উপস্থিত গ্র্যাজুয়েটদের মধ্যেই দেশের ভবিষ্যৎ নেতৃত্বের প্রতিফলন রয়েছে।

ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, এই সমাবর্তন শিক্ষার্থীদের দীর্ঘদিনের পরিশ্রম, ত্যাগ ও অধ্যবসায়ের স্বীকৃতি। এটি কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং জীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

এআইইউবির চেয়ারম্যান মিসেস নাদিয়া আনোয়ার শিক্ষার্থী ও অভিভাবকদের অবদানের কথা স্মরণ করে বলেন, শিক্ষার্থীরা নিজেদের শক্তি, আশা ও ভবিষ্যতের প্রতি অঙ্গীকারের মাধ্যমেই আজ এই সাফল্যে পৌঁছেছে।

Nagad

সমাবর্তন বক্তা প্রফেসর ড. হাবিব ফারদৌন বলেন, এআইইউবি’র মূলমন্ত্র ‘হোয়্যার লিডারস আর ক্রিয়েটেড’ কেবল একটি স্লোগান নয়, বরং নেতৃত্ব তৈরির অঙ্গীকারের প্রতিফলন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সদস্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্য, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।