সীমান্তে বিজিবির কড়া সতর্কতা

মৌলভীবাজার সংবাদদাতা:মৌলভীবাজার সংবাদদাতা:
প্রকাশিত: ৭:১৫ অপরাহন, december ১৩, ২০২৫

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির ওপর গুলির ঘটনায় জড়িত সন্ত্রাসীরা যেন সীমান্ত বা সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে পালিয়ে যেতে না পারে-সে লক্ষ্যে মৌলভীবাজার ও যশোর সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মৌলভীবাজারের কুলাউড়া, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার সীমান্তবর্তী এলাকায় শুক্রবার (১২ ডিসেম্বর) থেকে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) বিশেষ সতর্কতা জারি করে। ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া জানান, ঘটনার পর থেকেই বিজিবির অধীনস্থ সব বিওপি থেকে নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, সম্ভাব্য পলায়ন পথ ও অবৈধ পারাপারের স্থানগুলো চিহ্নিত করে সেখানে প্রয়োজনীয় সংখ্যক বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এসব চেকপোস্টে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।

৪৬ বিজিবির অধিনায়ক আরও জানান, মৌলভীবাজার জেলায় প্রায় ১১৫ কিলোমিটার সীমান্ত সুরক্ষার দায়িত্ব পালন করছে এ ব্যাটালিয়ন। সীমান্ত নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সন্ত্রাসীদের পার্শ্ববর্তী দেশে পলায়ন ও সব ধরনের অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।

এদিকে হাদিকে গুলিবিদ্ধের ঘটনায় বেনাপোল সীমান্ত এলাকাতেও ব্যাপক নজরদারি ও তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে। শনিবার দুপুরে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সূত্র জানায়, ব্যাটালিয়নের আওতাধীন মেইন পিলার ১৮/১ এস থেকে ৪৭/৩ এস পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার সীমান্তজুড়ে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িতরা যাতে কোনোভাবেই সীমান্ত অতিক্রম করে ভারতে পালাতে না পারে, সে জন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের প্রতিটি পয়েন্টে তল্লাশি জোরদার করা হয়েছে।

Nagad

তিনি জানান, বেনাপোল আইসিপি, আমড়াখালি, সাদীপুর, রঘুনাথপুর, ঘিবা, শিকারপুর, শালকোনা, কাশিপুর, মাসিলা, আন্দুলিয়া ও পাঁচপিসতলাসহ সীমান্তসংলগ্ন গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে এবং টহল কার্যক্রম বাড়ানো হয়েছে।