শ্রদ্ধাভরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে শহীদ বুদ্ধিজীবী দিবস আজ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:১১ পূর্বাহ্, december ১৪, ২০২৫

আজ ১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা বাঙালি জাতিকে মেধাশূন্য করার ঘৃণ্য উদ্দেশ্যে পরিকল্পিতভাবে দেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করে।

১৯৭১ সালের এই দিনে শিক্ষক, বিজ্ঞানী, সাহিত্যিক, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, শিল্পী, ক্রীড়াবিদ ও সরকারি কর্মকর্তাসহ অসংখ্য কৃতী বুদ্ধিজীবীকে চোখ বেঁধে নির্মমভাবে হত্যা করা হয়। মুক্তিযুদ্ধের পর রাজধানীর রায়েরবাজার ইটখোলা, মিরপুর বধ্যভূমিসহ দেশের বিভিন্ন স্থানে তাঁদের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।

স্বাধীনতার পর থেকে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এবারও জাতীয়ভাবে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

আজ সকাল ৬টায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকবেন। এরপর মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টার নেতৃত্বে শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য, যুদ্ধাহত ও উপস্থিত বীর মুক্তিযোদ্ধারা মিরপুর ও রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন। পরে সর্বস্তরের মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পৃথক বাণী দিয়েছেন।

Nagad

রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন, সব অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে শহীদ বুদ্ধিজীবীদের অবিচল সাহস ও দৃঢ় অবস্থান দেশের ইতিহাসে অনন্য ও চিরস্মরণীয়। তিনি তাঁদের বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করেন।

প্রধান উপদেষ্টা বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস বাংলাদেশের ইতিহাসে এক দুঃখজনক ও কলঙ্কময় দিন। মুক্তিযুদ্ধের শেষ মুহূর্তে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা পরিকল্পিতভাবে দেশের বুদ্ধিজীবীদের হত্যা করে। তিনি শহীদ বুদ্ধিজীবীসহ মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাঁদের আত্মার শান্তি কামনা করেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাঁর বাণীতে বলেছেন, স্বাধীনতার অর্ধশতাব্দী পার হলেও শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন বাস্তবায়িত হয়নি। গণতন্ত্র বারবার মৃত্যুকূপে পতিত হয়েছে। একদলীয় দুঃশাসনের বাতাবরণ তৈরি করে রাষ্ট্রের গণতান্ত্রিক বিকাশ প্রতিহত করা হয়েছে। অনেক রক্ত ঝরলেও মতপ্রকাশ, লেখা ও বলার স্বাধীনতা সংকটের দুর্বিপাক থেকে আজও মুক্ত হতে পারেনি।

বিএনপি ও অন্যান্য কর্মসূচি

শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আজ সকাল ৯টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন এবং দুপুরে আলোচনা সভার আয়োজন করেছে দলটি। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন দলের নেতারা।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলও দিবসটি উপলক্ষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন কর্মসূচি ঘোষণা করেছে।

প্রতীকী বধ্যভূমি প্রদর্শনী
শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে রাজধানীর শাহবাগে ‘প্রতীকী বধ্যভূমি ১৯৭১’ শীর্ষক এক ব্যতিক্রমী প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এ প্রদর্শনীতে কালো কাপড়ে হাত-মুখ বাঁধা ও ক্ষতচিহ্নিত শরীর নিয়ে নাট্যকর্মীরা অংশ নেন। প্রদর্শনীর আয়োজন করে সাংস্কৃতিক সংগঠন বাংলাপরিসর।