হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেপ্তার
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলি চালানোর ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
রোববার (১৪ ডিসেম্বর) পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তফা কামাল খান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, র্যাব-২ আব্দুল হান্নানকে গ্রেপ্তার করে পল্টন মডেল থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মোটরসাইকেল উদ্ধার প্রসঙ্গে ওসি বলেন, র্যাবের পক্ষ থেকে এখন পর্যন্ত শুধু গ্রেপ্তারকৃত আব্দুল হান্নানকে হস্তান্তর করা হয়েছে। হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
এর আগে র্যাব জানায়, হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটির নম্বর ৫৪-৬৩৭৫। গ্রেপ্তার আব্দুল হান্নানের বাবার নাম মো. আবুল কাশেম। তার বাড়ি রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ জেলায়। র্যাব আরও জানিয়েছে, হান্নান সরাসরি হামলায় জড়িত ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, শুক্রবার (১৪ ডিসেম্বর) দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগরের পানির ট্যাংকির সামনে রিকশায় করে যাওয়ার সময় শরিফ ওসমান হাদির ওপর গুলি চালায় দুর্বৃত্তরা। মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি খুব কাছ থেকে তাকে গুলি করে পালিয়ে যায়।
পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। একপর্যায়ে পরিবারের সিদ্ধান্তে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

